বুড়িগঙ্গায় লঞ্চে আগুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর খেজুরবাগ এলাকার বুড়িগঙ্গা নদীতে গতকাল বুধবার একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। লঞ্চের মালিক দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।লঞ্চের কর্মচারীরা জানান, চর খেজুরবাগ এলাকায় মাদারীপুর ডকইয়ার্ডের সামনে ঢাকা-ভোলা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি পারাবাত-৯-এর মেরামতকাজ হচ্ছিল। সকাল নয়টার দিকে লঞ্চের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে কেবিনের ভেতরে আগুন ধরে যায়। লঞ্চের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে পোস্তগোলা ও সদরঘাট থেকে দমকলবাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।লঞ্চের মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, আগুনে লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলার ১৪৭টি কেবিনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।