বুড়িগঙ্গায় লবণ কারখানা, উচ্ছেদ করতে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে অবৈধভাবে স্থাপিত সল্ট ইন্ডাস্ট্রিজ অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।শিল্পসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, প্রধান প্রকৌশলী, নির্বাহী পরিচালক, পরিচালক (পরিকল্পনা), ঢাকার জেলা প্রশাসক ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে ওই সল্ট ইন্ডাস্ট্রিজের মালিকের নাম-ঠিকানা আদালতে দাখিল করতে লালবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।গত ৪ মে বুড়িগঙ্গা নদীর লালবাগ এলাকার অভ্যন্তরে অবৈধ দখলের মাধ্যমে একটি সল্ট ইন্ডাস্ট্রিজের স্থাপনা তৈরি করা হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই স্থাপনা অপসারণের নির্দেশনা চেয়ে গতকাল জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের ও শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।