বুয়েট শান্ত, আতঙ্কে আন্দোলনকারীরা
অভিযুক্ত দুজন ছাত্র শাস্তি পাওয়ায় তিন দিন পর গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ছিল শান্ত। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও চলেছে।তবে আতঙ্কে রয়েছেন আন্দোলনের সামনের সারির শিক্ষার্থীরা। তাঁদের আশঙ্কা, শাস্তি পাওয়া দুজন ছাত্রলীগের কর্মী হওয়ায় তাঁদের ওপর ছাত্রলীগ হামলা করতে পারে। বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এখন তা প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের আতঙ্কের বিষয়ে তিনি বলেন, এ সম্পর্কে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত ২৮ ডিসেম্বর র্যাগ ডে উপলক্ষে বুয়েট ’০৬ ব্যাচের কনসার্টে কনিষ্ঠ কয়েকজন ছাত্র সামনে যেতে চাইলে ’০৬ ব্যাচের ছাত্ররা বাধা দেন। এর রেশ ধরে নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈশানকে বেধড়ক পেটান ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ’০৮ ব্যাচের ছাত্র সুজিত সাহা ও সাইফুল্লাহ শিকদার। এ নিয়ে তিন দিন আন্দোলনের পর গত সোমবার অভিযুক্ত দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।