বুয়েটে কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা গত মঙ্গলবার রাতে দফায় দফায় মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়া করেছেন। তাঁরা চাপাতি, রামদা ও চায়নিজ কুড়াল নিয়ে পরস্পরের ওপর হামলা চালান। এ সময় আহত এক নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলে সেখানেও হামলা চালান ছাত্রলীগের অপর পক্ষের নেতা-কর্মীরা।এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বুয়েট শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। হামলায় আহত নেতা-কর্মীরা হলেন: বুয়েট শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক ইমরান, সমাজসেবাবিষয়ক সম্পাদক মামুন ও স্কুলবিষয়ক সম্পাদক শোভন।বিশ্ববিদ্যালয় ও বুয়েট ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আহসানউল্লাহ হলের ৪৫১ নম্বর কক্ষটি সিলগালা করা ছিল। কিছুদিন আগে বুয়েট ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি মিশু বিশ্বাসের মদদে কক্ষটি দখল করেন সুমিত। মঙ্গলবার রাত ১০টার দিকে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তন্ময়ের অনুসারী দেবাশীষ কক্ষটি দখল করতে যান। এ সময় দেবাশীষ ও সুমিতের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিশুর সমর্থক ওয়ালিদ, শামীম, মাসুম ও মম চাপাতি, রামদা ও চায়নিজ কুড়াল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। কিছুক্ষণ পর আহসানউল্লাহ হলের ফটকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইমরানকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন মিশুর কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানেও হামলা চালান মিশুর কর্মীরা। হাসপাতাল প্রাঙ্গণে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ভাঙচুর করা হয় হাসপাতালের কয়েকটি কাচ। এ সময় হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভাঙচুরের পর রাতেই বিদায়ী সাধারণ সম্পাদক তন্ময়ের অনুসারীরা মিশু বিশ্বাসকে লাঞ্ছিত করেন। পরে মিশুর অনুসারীরা হলে ফিরে আহসানউল্লাহ হলের ২৪৭ ও ২৫১ নম্বর কক্ষ ভাঙচুর করেন।এদিকে মঙ্গলবার রাতের ঘটনার পর গতকালও ক্যাম্পাসে উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় বুয়েট ছাত্রলীগের নেতা মিশু বিশ্বাস ও তন্ময়ের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগেও অনেকবার মারামারি করেছেন। তাঁদের অনেকবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।