বুয়েটে কর্মবিরতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মবিরতি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বুয়েট শিক্ষক সমিতি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। শিক্ষকেরা ক্লাস নিতে চান—কর্তৃপক্ষের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি।গতকাল সোমবার সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ এপ্রিল সকালে বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষককে সহ-উপাচার্যের কার্যালয়ে ডেকে পাঠানো হয়। কোনো আলোচ্য বিষয় না জেনে ৩০-৪০ জন শিক্ষক সেখানে যান। এরপর তাঁদের উপস্থিতির স্বাক্ষর গ্রহণ করে সহ-উপাচার্য চলমান কর্মবিরতি নিয়ে আলোচনা শুরু করেন। একপর্যায়ে শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাখ্যান করে ক্লাস নিতে আগ্রহী মর্মে একটি বিবৃতি দিতে বলেন সহ-উপাচার্য। কিন্তু ওই শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করে শিক্ষক সমিতির কর্মবিরতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।এর আগে গত রোববার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছে, শিক্ষামন্ত্রীর পরামর্শ ও উপাচার্যের অনুরোধে শতাধিক শিক্ষকের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত শতাধিক শিক্ষক বর্তমান পরিস্থিতিতে আন্দোলন করা নৈতিকতা বিরোধী বলে তাঁদের মত দেন। তাঁরা অবিলম্বে ক্লাস শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে সহ-উপাচার্যকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে বুয়েটে শিক্ষক ধর্মঘট চলছে।