বুয়েটে মারামারির পর ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন গভীর রাতে ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে এক পক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সাপ্তাহিক ছুটি থাকলেও গতকাল অতিরিক্ত ক্লাস হওয়ার কথা ছিল।শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা নিজেদের বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আলোচনা করছিলেন। তখন নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দিলে সেখানে তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থী হস্তক্ষেপ করেন। এ নিয়ে প্রথম বর্ষের একদল শিক্ষার্থীর সঙ্গে তৃতীয় বর্ষের আরেক দল শিক্ষার্থীর প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী নজরুল হল ও আহসান উল্লাহ হলে আশ্রয় নিলে সেখানে তাঁদের মারধর করা হয়।প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, চাপাতি দিয়েও কয়েকজনকে আহত করা হয়েছে। সব মিলিয়ে ১৫ জন আহত হন। তাঁদেরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর হওয়ায় অনির্বাণ, এরিক ও প্রতীক দত্ত নামের তিন ছাত্রকে এখনো বুয়েটের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনার জেরে গতকাল প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। হামলাকারীদের বহিষ্কার করা না হলে তাঁরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। তাঁরা ক্যাম্পাসে পোস্টারও লাগিয়েছেন, যাতে হামলাকারী কয়েকজনের নাম লেখা হয়েছে।