গতকাল বুধবার রাত পর্যন্ত জ্ঞান ফেরেনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগ নেতা আরিফ রায়হানের। রাজধানীর স্কয়ার হাসপাতালে কৃত্রিমভাবে (লাইফ সাপোর্টে) তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এদিকে হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার স্বচ্ছ তদন্তসহ ছয় দফা দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হানকে কুপিয়ে আহত করে এক দুর্বৃত্ত। গতকাল রাত আটটায় আরিফের বড় ভাই রাজু প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত আটটা থেকে রাত আড়াইটা পর্যন্ত রায়হানের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তিনি অচেতন রয়েছেন। কৃত্রিমভাবে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। ভাইয়ের সেরে ওঠার জন্য রাজু সবার দোয়া চান।গতকাল বিকেল সোয়া চারটায় বুয়েট শহীদ মিনারে মানববন্ধন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। এতে বুয়েট ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে তোলা দাবিগুলো হলো: হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার স্বচ্ছ তদন্ত করা; বুয়েটের সব হল ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘চিহ্নিত শিবির ক্যাডারদের’ বুয়েট থেকে বহিষ্কার করা; বুয়েটের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণ এবং সব হলের ‘জামায়াত-শিবিরের গুপ্তচর’ নিরাপত্তাকর্মী, ‘জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট’ মসজিদের ইমাম এবং বুয়েটের শিবির ক্যাডারদের ‘মদদদাতা’ শিক্ষক-কর্মকর্তাদের প্রত্যাহার করা। জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হোসেনকেও অপসারণের দাবি করা হয়েছে। রায়হানের আহত হওয়ার ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায়ই বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হোসেনের কার্যালয়ে তালা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর গতকাল দুপুরে রেজিস্ট্রার সেই তালা খুলে দেন। এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের কথামতো কাজ করতে পারব না। আমি কাজ করব আমার নিয়ম অনুযায়ী।’ অপসারণের দাবির বিষয়ে তিনি বলেন, ‘উপাচার্যকে সকালেই পদত্যাগের কথা বলেছি। কিন্তু তিনি তা গ্রহণ করেননি।’