বৃত্তি পেল সুবিধাবঞ্চিত ছয় শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর কড়াইল ও সাততলা বস্তির অতিদরিদ্র পরিবারের ৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে চার হাজার টাকা করে বৃত্তি দিয়েছে যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি। আজ সোমবার মহাখালীর বিটিসিএল মন্দির মাঠে সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা শেষে এ বৃত্তি দেওয়া হয়।

বস্তিতে বসবাসরত অতিদরিদ্র পরিবারের সামগ্রিক জীবনমান উন্নয়নে ইউকেএইডের আর্থিক সহায়তায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০০৯-২০১৬ মেয়াদকালে ডিএফআইডির পরিচালনায় ডিএসকে-সিঁড়ি প্রকল্প নামে একটি জীবনমান প্রকল্প বাস্তবায়িত হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে ডিএসকে উন্নয়নের গতিকে চলমান রাখার স্বার্থে যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি গঠন করে।

সমিতিটি বর্তমানে স্বাধীনভাবে তৃণমূলের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং বস্তিবাসীদের জন্য নানামুখী উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে। সমিতিতে বর্তমান সদস্য সংখ্যা ১ হাজার ৪০৪ জন।

সোমবারের সভায় স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি সেতারা বেগম বলেন, ‘আমাদের স্বপ্ন অনেক। এই সমিতি একদিন আমাদের সবার ভাগ্যের উন্নয়ন করতে সক্ষম হবে। আমাদের মাথার ওপরে ছাদের ব্যবস্থা করবে যুগান্তর সমিতি।’