বৃদ্ধাসহ ছয়জনের অপমৃত্যু
রাজধানীতে গত দুদিনে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হওয়া হাসেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। একই দিন দুপুরে উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অ্যালুমিনিয়ামের কারখানার দোতলার পাটাতন ভেঙে আমেনা বেগম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পল্লবী থানার পুলিশ জানায়, গত সোমবার বিকেলে মিরপুর ডিওএইচএস এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হারুনুর রশিদ (৩৫) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, উত্তরার জসীমউদ্দীন সড়কে একটি পাজেরো গাড়ির ধাক্কায় মান্নান মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। সবুজবাগ থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে দক্ষিণগাঁও ১৯ নম্বর সড়কের এক বাসা থেকে শারমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। একই দিন কমলাপুর যাত্রীছাউনির বিপরীতে রেললাইন থেকে এক অজ্ঞাতনামা নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়।