বৃষ্টি নেই, তবু সড়কে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুরাইনের মিষ্টির দোকান এলাকায় পয়োনিষ্কাশন নালা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা লেগে আছে l ছবি: প্রথম আলো
জুরাইনের মিষ্টির দোকান এলাকায় পয়োনিষ্কাশন নালা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা লেগে আছে l ছবি: প্রথম আলো

বৃষ্টি হয়নি, তাহলে রাস্তায় পানি জমে আছে কেন? সাত বছরের শিশু তনিমার মুখে এমন প্রশ্ন শুনে জবাব দিতে পারেননি তার বাবা।
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বেরিয়ে বাবার হাত ধরে চলছিল তনিমা। বালুর একটি ছোট ট্রাক দ্রুত চলতে গিয়ে তার মতো আরও কয়েকজন পথচারীর গায়ে ময়লা পানি ছিটিয়ে দেয়। দু-একজন চিৎকার দিয়ে গালাগালও করে। জলাবদ্ধতা রাজধানীর জুরাইন, বেইলি রোড, মালিবাগসহ কিছু এলাকাতেও।
আর কে মিশন রোডের হজরত শাহআলম মাজারের দুই পাশে অন্তত ২০০ মিটার অংশ জলাবদ্ধ। জানা গেল বেশির ভাগ ম্যানহোল আবদ্ধ হয়ে থাকায় এই অবস্থা হয়েছে। কিছুদিন আগে এলাকার রাস্তা কার্পেটিং করায় এগুলো বন্ধ হয়ে যায় বলে এলাকাবাসী জানান। এ ছাড়া পয়োনিষ্কাশন লাইনেও ফুটো আছে।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮ নম্বর ওয়ার্ডের। কাউন্সিলর মো. সুলতান মিয়া বলেন, ওয়াসাকে জানানোর পর তারা দুবার পরিষ্কারের উদ্যোগ নেয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, ম্যানহোলের ওপর কার্পেটিং করা হলে ওয়াসার কিছু করার থাকে না। তারপরও সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।

জুরাইন: পাঁচ দিন ধরে জলাবদ্ধতা জুরাইনের হাজি খোরশেদ আলী সরদার রোডের অন্তত ৩০০ মিটার অংশে। এলাকাবাসী বলেন, সড়কটির অবস্থা সব সময়ই কোনো না কোনো কারণে বেহাল থাকে। পুরো বর্ষাকালে থাকে জলমগ্ন, এরপর ভাঙাচোরা, এখন বৃষ্টি না হলেও জলাবদ্ধতা।

বৃষ্টি না হলেও কেন জলাবদ্ধতা—খোঁজ নিয়ে জানা গেল, খোরশেদ আলী রোডে ড্রেনেজ লাইনে বড় ধরনের ফাটল ধরেছে। চারদিকের গৃহস্থালির ও পয়োনিষ্কাশন লাইনের তরল বর্জ্য যাচ্ছে ড্রেনেজ লাইনে। এমনকি শ্যামপুর শিল্প এলাকার ড্রেনেজ লাইনের বিষাক্ত পানিও মিশেছে এখানে। ফাটল দিয়ে সেগুলো রাস্তায় ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা মিষ্টির দোকান এলাকার। সেখানে দরজিঘর ‘কুইক টেইলার্স’। নামের সঙ্গে মিল রেখে ‘কুইক সার্ভিস’ দিতে পারছে না। গত রোববার রাত ১০টার দিকে এর মালিক মোহাম্মদ ফারুক দুঃখ করে বলছিলেন, দোকানঘরের সামনে সার্বক্ষণিকভাবে পচা পানি থাকলে কাজ করা যায় না। শুকনা মৌসুমে এমন জলাবদ্ধতায় ক্রেতা কমে গেছে।

এলাকার স্থায়ী বাসিন্দা বিপ্লব বলেন, এলাকায় দুর্বিষহ জীবন চলছে। সংবাদমাধ্যমে বিষয়টি ছবিসহ ভালোভাবে এলে হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে।

এলাকাটি পড়েছে ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর নূর হোসেন বলেন, তিতাস খাল ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা। এ ছাড়া জনসচেতনতাও কম আছে। ময়লা ফেলা হয় ড্রেনের মধ্যে। পানিনিষ্কাশন করতে গিয়ে এ পর্যন্ত তিনটি মোটর বিকল হয়ে গেছে বলে জানান তিনি।

বেইলি রোড থেকে রমনা থানার দিকে যাওয়ার পথে ভিকারুননিসা নূন স্কুলের কাছে রাস্তায় পানি জমে আছে অন্তত ১০ দিন ধরে। গতকাল দুপুরে দেখা গেল, যানবাহন আটকে আছে। কারণ, ডান দিকে পানির নিচে ভাঙা রাস্তা। উল্টে পড়ার ভয়ে যানবাহন ওই পানি এড়িয়ে চলাচল করছে। পথচারী, বিশেষ করে ছাত্রীরা জলাবদ্ধতায় তাদের দুর্ভোগের কথা জানায়।

মালিবাগ মোড় থেকে মৌচাকের দিকে রাস্তায় প্রচুর পানি। প্রায় ১৫ দিন ধরে এই অবস্থা। মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণ করতে গিয়ে মাটির নিচের ড্রেনেজ ও পয়োনিষ্কাশন পাইপ ফেটে যায় বলে জানা যায়। ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, বেইলি রোডের সমস্যাটি দ্রুত সেরে যাবে। মালিবাগের জলাবদ্ধতা দূর করার বিষয়ে উড়ালসড়কের নির্মাতাপ্রতিষ্ঠানকে বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।