সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে যায়। আর বৃষ্টি না থাকলে রাস্তাটিতে উড়তে থাকে ধুলাবালি। বিগত কয়েক বছর ধরে এভাবেই চলছে ঢাকা-ডেমরা সড়কের যাত্রাবাড়ী থেকে কাজলা পর্যন্ত অংশটুকু। ফলে ওই রাস্তা ব্যবহারকারী লোকজনের ভোগান্তির শেষ নেই। যাত্রাবাড়ী থানার উত্তর পাশের ওই সড়কটি ঢাকা-ডেমরা সড়ক নামেই পরিচিত। ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেট যেতে বিকল্প পথ হিসেবে এ সড়কটির ব্যবহার হয়ে আসছে। সড়কটির দুই পাশে অবৈধ পার্কিং ও বিশৃঙ্খল যান চলাচল নিত্যদিনের ঘটনা। কর্তব্য ট্রাফিক পুলিশরাও সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খায়। ফলে যানজটে দুর্ভোগ নিত্যই লেগে আছে। ওই সড়কের পার্শ্ববর্তী বিবির বাগিচার বাসিন্দা আবু আসলাম প্রথম আলোকে বলেন, মাত্র কয়েক দিন আগে সড়কটিতে ইট-সুরকি ফেলা হয়েছে। তখন লোকজন ভেবেছিল তাদের ভোগান্তি বুঝি এবার শেষ হয়ে গেল। কিন্তু তা নয়। গত দুই দিনের বৃষ্টিতে সড়কে হাঁটু পানি জমে যানবাহন ও লোকজনের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তিনি আরও জানান, প্রতিদিন শত শত ট্রাকবোঝাই ময়লা-আবর্জনা এই সড়ক দিয়ে নেওয়া হয় ডেমরায় সিটি করপোরেশনের ময়লা ফেলার জায়গায় (ডাম্পিং স্টেশন)। এতে ওই এলাকা ছাড়াও আশপাশের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী থেকে কাজলা পর্যন্ত সড়কটি ৪৮ লাখ টাকায় মেরামত করার কাজ দেওয়া হয়। সড়কটি নির্মাণের সব ধরনের ব্যবস্থা তাঁর পক্ষ থেকে করা হচ্ছে। তিনি বলেন, শীতলক্ষ্যা সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট আরও বেড়ে যাবে। এ অবস্থায় সড়কটি দ্রুত মেরামত হওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় নজরদারি করবেন বলে জানান।