
ভারী বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতা হচ্ছে গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) নিচের রাস্তায়। বিশেষ করে জয়কালী মন্দির থেকে যাত্রাবাড়ী হয়ে ডেমরা প্রান্ত পর্যন্ত। গত রোববার রাতের ভারী বর্ষণের পর সোমবার সারা দিন ওই এলাকায় রাস্তার ধারে পানি জমে ছিল। গতকালও কিছু রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়।
উড়ালসড়কের নিচে ইট, বালু ও ফুটপাত নির্মাণের ব্লক ছড়িয়ে রাখায় একদিকে হাটখোলা-স্বামীবাগ, সায়েদাবাদ অন্যদিকে ওয়ারীর বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এর সঙ্গে জলাবদ্ধতা বাড়তি বিড়ম্বনা ডেকে আনছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ওই পথে পুরান ঢাকায় যাতায়াতকারী যানবাহনগুলো পড়ছে বেকায়দায়।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাটখোলা থেকে রাজধানী সুপার মার্কেটের দিকে যাওয়ার পথটি যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। রাস্তায় বড় বড় গর্তে পানি জমে ছিল। কোথাও কোথাও কাদায় ভরা। এই পথটি বন্ধ থাকায় কিছু যানবাহন যাচ্ছিল ভগবতী ব্যানার্জি রোডের শেরেবাংলা বালিকা বিদ্যালয় হয়ে উড়ালসড়কের নিচ দিয়ে। সেখানে ফকিরবানু ভবনের সামনে ভাঙা রাস্তায় পানি জমে আছে। যানবাহন চলছে লাফিয়ে লাফিয়ে। রোববার রাতের বৃষ্টির পর যাত্রাবাড়ী থানার কাছে ডেমরা যাওয়ার পথে উড়ালসড়কের নিচের রাস্তায়ও জলাবদ্ধতা হয়। রাস্তার ধারে রাখা যানবাহনের চাকা ডুবে থাকে পানির মধ্যে।
রাজধানী সুপার মার্কেটের উড়ালসড়ক প্রান্তে রাস্তায় এলোমেলোভাবে ছড়িয়ে রাখা হয়েছে বড় বড় ব্লক আর ফুটপাত নির্মাণসামগ্রী। সেখানেও পানি জমে আছে। পথচারী চলতে গেলেই হোঁচট খাচ্ছে। হেয়ার স্ট্রিটের দিক থেকে আসা পথচারী রবিউল আলম তাঁর সঙ্গীর কাছে বিরক্তি প্রকাশ করছিলেন, ‘এখানে রাস্তা মেরামতের কারণে আর কত দিন আমাদের দুর্ভোগ সহ্য করতে হবে?’ সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের কাছে নিয়মিত যানবাহন আটকে থাকে। হাসপাতাল কমপ্লেক্সের তিনজন দোকানি জানান, রাস্তার মেরামতকাজ শুরুর পর এখানে যখন-তখন যানজট হচ্ছে। বৃষ্টি হলে তো রক্ষা নেই। গাড়ি চললেই দোকানে ছিটকে আসে কাদা মাটি। দেখা গেল, সায়েদাবাদ ও দয়াগঞ্জের দিক থেকে প্রতিনিয়ত যানবাহন আসছে। রাজধানী সুপার মার্কেটের দিক থেকে আসা রাস্তা বন্ধ থাকার কারণে হাটখোলার দিক থেকে আসা যানবাহনগুলো কাউন্সিলর কার্যালয়ের দিক থেকে এ পথেই আসছে। ফলে আটকা পড়ছে যানবাহন। হাসপাতালে আসা রোগী বা তাঁদের আত্মীয়স্বজন পড়ছেন দুর্ভোগে।
উড়ালসড়কের নিচের রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে। এতে খরচ হচ্ছে ২৩ কোটি টাকা। কবে নাগাদ কাজ শেষ হবে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ লাইন নির্মাণ করতে হচ্ছে। চলাচলের জন্য হচ্ছে ফুটপাত। পাশাপাশি রাস্তা নির্মাণের কাজও ধরা হয়েছে। চেষ্টা করা হচ্ছে কাজ দ্রুত শেষ করার।