বৃষ্টি হলেই হাঁটু পানি!

আজকাল আর মাটির দেখা পাওয়া যায় না রাজধানীর শান্তিনগর আর মালিবাগ এলাকায়। বাড়ি করার পর ছেড়ে দেওয়া জায়গাগুলোও ঢেকে আছে কংক্রিটে। সামান্য বৃষ্টি হলেই পানি গড়িয়ে চলে আসে সড়কের ওপর। বৃষ্টির সময় তাই সড়কগুলো কখনো হাঁটু জল আবার কখনো কোমর সমান পানিতে ডুবে থাকে। শুধু তাই নয়, বৃষ্টি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় এই এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নগর পরিকল্পনাবিদেরা বলছেন, এই এলাকায় মাটির দেখাই পাওয়া যায় না। বড় বড় ভবন তৈরি হয়েছে। কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখা হয়নি। এখানকার দু-একটি স্কুল-কলেজ ছাড়া বাকিগুলোতেও ফাঁকা জায়গা রাখা হয়নি। বাড়ির সামনে ছেড়ে দেওয়া জায়গাগুলো কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। যাঁরা বাড়ি করেছেন, তাঁরা ভবনের মধ্যে পানি ঢোকা বন্ধ করতে সড়ক থেকে বেশ খানিকটা উঁচুতে ভবন নির্মাণ করেছেন। এলাকার আয়তনের তুলনায় অলিগলিতে ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত নয়। ফলে বাড়ির মালিকেরা ধরেই নিয়েছেন পানি গড়িয়ে মূল সড়কে এসে পড়বে। এতে পরিণাম যা হওয়ার তা-ই হয়েছে।
শান্তিনগর ও মালিবাগ এলাকার সড়কগুলো ঢাকার উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগের অন্যতম রুট। তা ছাড়া এই এলাকা ও এর আশপাশের বিশাল অংশে ঢাকার বিপুলসংখ্যক মানুষের বাস। ফলে শান্তিনগর ও মালিবাগের সড়কগুলো পানিতে ডুবে গেলে এর প্রভাব পড়ে ঢাকার অন্যান্য অংশেও। বিশেষ করে কাকরাইল থেকে শান্তিনগর মোড় হয়ে মালিবাগ পর্যন্ত এবং মৌচাক থেকে রামপুরা পর্যন্ত সড়কটি ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত।
স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানি মানুষের জন্য আশীর্বাদ। বৃষ্টি হবে। এর একটি অংশ পানি মাটির নিচে চলে যাবে। বাকিটা ড্রেনেজের মাধ্যমে অপসারণ করা হবে। কিন্তু ঢাকার বেশির ভাগ এলাকায় মাটি দেখা যায় না। ফলে প্রায় শতভাগ পানিই ড্রেনেজের মাধ্যমে নিষ্কাশন করতে হয়। এটা খুবই কঠিন।
তিনি আরও বলেন, নগরে ৬০ ভাগ ফাঁকা জায়গা থাকাটা জরুরি। তাহলে পানি নিষ্কাশন নিয়ে সমস্যা হতো না। তিনি বলেন, আইনে ভবনের ফাঁকা জায়গায় মাটি থাকবে। সেখানে সবুজ এলাকা থাকবে। কিন্তু তা হচ্ছে না। এটা হলে বৃষ্টির পানির একটি অংশ মাটি দিয়ে নিচে চলে যেত। এখন শতভাগ পানি সড়কে এসে পড়ে।
সরেজমিনে শান্তিনগর ও মালিবাগ এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে দেখা গেছে, সেখানে নির্মিত আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর আশপাশে কোনো ফাঁকা জায়গা নেই। মধ্য ঢাকার এই এলাকায় ভিকারুননিসা নূন স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল ও রাজারবাগ পুলিশ লাইনস স্কুলের মধ্যে ফাঁকা জায়গা রাখা হয়েছে। কিছু সরকারি দপ্তরের সামনের ফাঁকা জায়গার বেশির ভাগই কংক্রিটে ঢাকা।
আজ বৃহস্পতিবার বৃষ্টি না হলেও এই এলাকার প্রধান সড়ক ও অলিগলির বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। এখানে উড়ালসড়কের কাজ চলতে থাকায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দগুলোতে পানি জমে আছে। সড়কের ঢালু অংশে জমে থাকা পানির কারণে খানাখন্দগুলো দেখা যায় না। ফলে রিকশা, ভ্যান, মোটরসাইকেল প্রায়ই ছোটখাটো দুর্ঘটনায় পড়ে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আশপাশের অলিগলির পানি মূল সড়কে এসে পড়ে। ফলে শান্তিনগর, মালিবাগ, রাজারবাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তিনি বলেন, এ থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য সময় প্রয়োজন। তবে এলাকার জলাবদ্ধতা দূর করতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।