বৃষ্টিও না-ফেরার দেশে
বৃষ্টির ছোট্ট শরীর ঝলসে গেছে আগুনে। সুতীব্র যন্ত্রণা সত্ত্বেও ছিল ছোট ভাইকে দেখার করুণ আকুতি। কিন্তু ভাইয়ের দেখা আর হলো না। ভাইয়ের মতো না-ফেরার দেশেই চলে গেল বৃষ্টি আক্তার।দুই শিশুসন্তানের করুণ পরিণতির খবর পৌঁছেনি তাদের মা-বাবার কানে। কারণ, তাঁরাও হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনছেন। রাজধানীর মিরপুরে গত বুধবার বদ্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে-সৃষ্ট আগুনে দগ্ধ হয় চারজনের এই ছোট্ট পরিবারটি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের সি-ব্লকের একতলা বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি দেয়াল ভেঙে পড়ে। কিছুক্ষণ পরই ওই বাড়িতে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন ওই বাড়ির বাসিন্দা মোতাহার হোসেন (৪২), তাঁর স্ত্রী জোছনা বেগম (৩৫), তাঁদের দেড় বছরের ছেলে মারুফ হোসেন ও ১০ বছরের মেয়ে বৃষ্টি আক্তার। ওই দিন অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। আর গতকাল সোমবার সকাল আটটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৃষ্টি। বার্ন ইউনিটের দুই তলায় চিকিৎসাধীন আছেন মোতাহার ও জোছনা। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান।ঘটনার দিন বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাড়িটিতে আলো-বাতাস ঢোকার যথাযথ ব্যবস্থা ছিল না। সন্ধ্যার পর দরজা লাগিয়ে দেওয়ায় বদ্ধ ঘরে কোনো কারণে চুলা থেকে গ্যাস জমে যায়। পারিপার্শ্বিক অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে, মোতাহারের বদ্ধ ঘরটিতে গ্যাসের চাপে দুর্বল দেয়াল একসময় ভাঙতে শুরু করে। তখন বৈদ্যুতিক সুইচ থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হলে আগুন ধরে যায়।’গতকাল বিকেলে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ ও মাথা-মুখ দগ্ধ অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন মোতাহার। অন্য কক্ষে জোছনাও একই অবস্থায় । দুই সন্তানের মৃত্যুর খবর জানেন না তাঁরা। কিছু একটা বলার চেষ্টা করেও যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন মোতাহার।বৃষ্টির চাচি হনুফা বেগম প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি এত দিন বাবা মোতাহারের বেডের পাশের বেডেই চিকিৎসাধীন ছিল। একে অপরের দিকে তাকিয়ে অঝোরে কাঁদত। যখন বৃষ্টি মারা যায়, তখন মোতাহার ঘুমাচ্ছিলেন। পরে বৃষ্টিকে না দেখে অস্থির হয়ে ওঠেন তিনি। বৃষ্টি সুস্থ হয়ে গেছে, বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে—বলে তাঁকে শান্ত করা হয়।’ হনুফা বলেন, এত দিন বৃষ্টি ছোট ভাই মারুফকে দেখার জন্য কান্নাকাটি করত। সে-ও জানত না, মারুফ আর নেই। বৃষ্টির মামা রুবেল মোল্লা বলেন, মোতাহার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতে কাপড় বিক্রি করেন। আর জোছনা মিরপুর ১৩ নম্বরে একটি স্কুলে আয়ার কাজ করেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে মো. রাব্বী গোপালগঞ্জে নানার বাড়িতে থেকেই পড়াশোনা করছে। অপর দুই সন্তান মা-বাবার সঙ্গে ঢাকায় থাকত। স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ত বৃষ্টি।পারিবারিক সূত্র জানায়, বৃষ্টির লাশ মিরপুর ১৩ নম্বরে শিশু গোরস্থানে দাফন করা হয়েছে। এর সন্নিকটেই দাফন করা হয়েছে ছোট ভাই মারুফের লাশ।