বৃষ্টিভেজা হরতালে অন্য রকম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানী যেমন ফাঁকা থাকে, তেমনই ছিল গতকাল রোববারের দৃশ্যপট। বিক্ষিপ্ত কিছু উত্তেজনা ছাড়া এক ধরনের ছুটির আমেজেই দিন কেটেছে রাজধানীবাসীর। হরতালের কারণে বেশির ভাগ মানুষই দিন কাটিয়েছে বাসায়।গতকাল সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। কখনো কখনো মৃদুমন্দ হাওয়া। সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। মাঝেমধ্যে মেঘের ঘোমটা সরিয়ে দু-এক ঝলক মুখও দেখিয়েছে সূর্য। তার নিরুত্তাপ রোদে ঝলমল করেছে গাছে-গাছে ভেজা পাতা। নিরিবিলি মৌনতায় কেটে গেছে প্রহর।বেশ অনেক দিন পর হরতাল হলো আবার। জনজীবন থমকে দেওয়া রাজনৈতিক এই কর্মসূচিটি সর্বশেষ পালিত হয়েছিল ২০০৬ সালে। তারপর প্রায় চার বছরের বিরতি। এরপর গতকালের হরতাল।ঢাকা তো হাল আমলে রিকশার শহর বলেই পরিচিত। গতকাল নিরঙ্কুশভাবেই রিকশার প্রাধান্য ছিল পথে-পথে। মূলত তারাই সচল রেখেছে শহরের গতি। মোড়ে মোড়ে লাল বাতি নেই, নিষেধের অঙ্গুলি নেই কোনো পথে যেতে, পথ ছেড়ে দেওয়ার জন্য পেছন থেকে অনবরত তীক্ষ হর্নের আওয়াজ নেই, ট্রাফিক পুলিশের ধমক নেই। রিকশা চলেছে স্বাধীনভাবে, স্বতঃস্ফূর্ত গতিতে।অবাক করা বিষয় হলেও সত্যি, ভাড়াটা অন্য দিনের চেয়ে একটু কমই হেঁকেছেন চালকেরা। ঘুরপথে চলতে হয়নি, যানজটেও আটকে থাকতে হয়নি বলেই হরতালে পথে নামা নিরুপায় নাগারিকের প্রতি রিকশাচালকদের এই বদান্যতা।রিকশা বাদ দিলে গণপরিবহনের অল্প কিছু বাস-মিনিবাস চলেছে গতকাল। অবশ্য সেগুলো প্রায় ফাঁকাই ছিল। রোজ যেমন ব্যক্তিগত গাড়ির বহর পিপিলিকার মতো সারবেঁধে চলতে দেখা যায় রাজপথ, অলিগলিজুড়ে; প্রায় গায়ে গা লাগিয়ে থেমে থাকে অফিসপাড়ার পথের দুই পাশ দিয়ে, সেগুলো ছিল না। সিএনজিচালিত স্কুটারও ছিল দুর্লভ দর্শন। তবে ট্রেন চলেছে, লঞ্চও ছেড়েছে সদরঘাট থেকে, বিমান উড়েছে যথারীতি।সরকারি অফিস-আদালত গতকাল খোলা ছিল। বেসকারি অনেক অফিসেও কাজ হয়েছে। খোলা ছিল স্টক এক্সচেঞ্জ। স্কুল-কলেজে পড়ালেখা বন্ধ। ঝাঁপ বন্ধ ছিল পথের পাশের বেশির ভাগ দোকানেরও। বড় বড় বিপণিবিতান খোলেনি। তবে পাড়ামহল্লার মুদিখানা, চায়ের দোকান, রেস্তোরাঁ, স্যালুন, শাকসবজির দোকান আর ওষুধের দোকানগুলোতে বেচাকেনা ছিল স্বাভাবিক।একে তো হরতাল, তার ওপর যুক্তরাষ্ট্র-ঘানা অতিরিক্ত সময়ে গড়ানো লম্বা ম্যাচ দেখে প্রায় ভোররাতে ঘুমোতে যাওয়া। ফলে ছুটির দিনের আলস্য নিয়ে একটু দেরিতেই শয্যা ত্যাগ করেছে বেশির ভাগ নাগরিক। নিতান্ত দায়ে না পড়লে দূরে কোথাও যায়নি। ঘরে বসেই পত্রপত্রিকার পাতা বা টিভির পর্দায় চোখ রেখে সময় কাটিয়েছে নগরবাসী। তবে রাজনৈতিক এই আলোচনা ছাড়িয়ে ম্যারাডোনা, মেসি, হিগুয়েইন, তেভেজ, আগুয়েরো, রাফায়েল মার্কেজ, কার্লোস ভেলা, জিওভানি ডস, গুয়ার্দাদোর মতো দুরূহ উচ্চারণের নামগুলো ছিল সবার মুখে। তবে দিনের হরতালের চেয়ে মধ্যরাতের আর্জেন্টিনা-মোক্সিকোর জীবন-মরণ ম্যাচ নিয়ে মাথা ঘামানোর লোকের অভাব ছিল না এসব আড্ডায়। রুনি, ব্যারি, জেরার্ড, ল্যাম্পার্ড, টেরির ইংল্যান্ডের সঙ্গে লাম, ক্লোসা, বোয়েটাং, ওজিল, মার্কোর জার্মানি কী করবে—প্রবল আগ্রহ তাদের সে বিষয়েও।শুধু হরতাল আর খেলাধুলা নিয়েই কি দিন যাবে? পেটে দানাপানিও তো কিছু দিতে হবে না কি? একটু একটু ঠান্ডা, ভেজা হাওয়ার এমন দিনে খিচুড়ি-ইলিশ, ভুনা মাংস না হলে আর জমল কোথায়! অনেকের ঘরেই হয়তো ঘরনিরা সে ব্যবস্থাও করেছিলেন। সব মিলিয়ে অন্য রকম এক দিন গেছে গতকাল নগরবাসীর জীবনে।