বৃষ্টির মাত্রা বুঝে পানি সরানোর কর্মপরিকল্পনা ঢাকা দক্ষিণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি: বাসস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাধারণ বৃষ্টিপাত হলে সড়কে পানি থাকবে না, অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হলে তিন ঘণ্টার মধ্যে, ভারী বৃষ্টিপাত হলে দুই ঘণ্টার মধ্যে ও মাঝারি ভারী বৃষ্টি হলে এক ঘণ্টার মধ্যেই যাতে পানিনিষ্কাশন হয়ে যায়—সেভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন তাঁরা।

আজ বুধবার দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে সংস্থার তেলেগু সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ‘পরিচ্ছন্নতাকর্মী নিবাস’–এর বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এই কর্মপরিকল্পনার কথা জানান।

অচিরেই জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে—এমন আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে মেয়র বলেন, ‘মঙ্গলবারের বৃষ্টিতে যেসব স্থানে জলজটের সৃষ্টি হয়েছে, সেখানে গতবারের চেয়ে কম জলাবদ্ধতা হয়েছে। তারপরও আমরা ব্যবস্থা গ্রহণ করছি, ভবিষ্যতে যেন এসব স্থান থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা যায়।’

যাঁরা বাসার ন্যায্য দাবিদার, তাঁরা যেন বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়ে অনুষ্ঠানে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এ রকম উদাহরণ আছে, বাসা বরাদ্দ পায় একজন, গিয়ে দখল করে আরেকজন। দক্ষিণ সিটি করপোরেশনের এখন থেকে আর কোনো দখলবাজি চলবে না। যাঁরা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত, শুধু তাঁরাই বাসা পাবেন।’

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সম্প্রদায়ভিত্তিক আবাসনের ব্যবস্থা যেমন করা হবে, তেমনি করপোরেশনের কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে, উল্লেখ করে মেয়র আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর আবাসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ঢাকা দক্ষিণের অনেক জায়গা উত্তর সিটির কর্মচারীরা দখলে রেখেছেন জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা সেগুলো দখলমুক্ত করার কার্যক্রম গ্রহণ করব। যাঁরা উত্তর সিটি করপোরেশনে চাকরি করেন, তাঁদের উত্তর সিটি করপোরেশনের জায়গায় চলে যেতে হবে। যাঁরা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি করেন, কেবল তাঁরাই দক্ষিণ সিটি করপোরেশনের এসব সুযোগ-সুবিধা পাবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সাংসদ কাজি মনিরুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে শেষে মেয়র শেখ তাপস তেলেগু সম্প্রদায়ের ৯৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ধলপুরে নির্মিত পরিচ্ছন্নতাকর্মী নিবাসের বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করেন।