বেআইনি সত্ত্বেও বদলে যাচ্ছে রাজধানীর ফুটপাতের আকার

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতগুলো ইচ্ছেমতো উঁচু-নিচু করা হচ্ছে। কোথাও বা গাড়ি ওঠার সুবিধার জন্য ঢালু করা হচ্ছে। আবার কোথাও বা তুলে ফেলা হচ্ছে ফুটপাতের ইট। এভাবেই পাল্টে যাচ্ছে রাজধানীর বিভিন্ন সড়কের পাশের বহুতল ভবনের সামনের ফুটপাত। দোকান, হকার, গাড়ি পার্কিংয়ে দখল হয়ে যাওয়া রাজধানীর ফুটপাতে পথচারীর জন্য এ এক নতুন উৎপাত।
সিটি করপোরেশন বলছে, এভাবে রাস্তার পাশের ভবনের মালিকেরা নিজেদের ইচ্ছামতো ফুটপাতের আকার বদলাতে পারেন না। এটা বেআইনি। এই বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন ঢাকার দুই নবনির্বাচিত মেয়র।
সাধারণত বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন, শপিং সেন্টার, বেসরকারি হাসপাতালের সামনের ফুটপাতের আকার বদলে ফেলার প্রবণতা বেশি। রাজধানীর গ্রিন রোড ধরে সায়েন্স ল্যাব থেকে পান্থপথের দিকে আসার সময় দেখা যায় অনেকগুলো ভবনের সামনে ফুটপাত উঁচু করা হয়েছে। এই রাস্তার দু পাশে আছে একাধিক হাসপাতাল। আছে বহুতল ভবন, খাবারের হোটেল। এখানে গাড়ি ঢোকার জন্য ফুটপাত বেশ উঁচু করা হয়েছে। আর খাবার হোটেলের সামনে ফুটপাত আলাদা ইট বিছিয়ে উঁচু করা হয়েছে।
গ্রিন রোডের নিয়মিত পথচারী বেসরকারি চাকরিজীবী জীবন কুমার বলেন, চলার পথে ফুটপাতে এভাবে উঁচু-নিচু থাকলে চলতে বিরক্ত লাগে। দেখা গেল কাজের প্রয়োজনে হয়তো দ্রুত পথ চলতে হচ্ছে, তখন এমন উঁচু-নিচু থাকলে চলার গতি কমে। এক ধরনের অস্বস্তি হয়। দৃষ্টিপ্রতিবন্ধী আবদুল মান্নান (৪০) বলেন, ‘আমরা যাঁরা চোখে দেখি না, তাঁদের জন্য ফুটপাত উঁচু-নিচু হলে অনেক সময় হোঁচট খাওয়ার উপক্রম হয়। এভাবে ফুটপাত উঁচু-নিচু করার প্রতিবাদ জানান তিনি। বলা হয়ে থাকে, যেকোনো নগরের আদর্শ ফুটপাত এমনই হবে যেখান দিয়ে একজন দৃষ্টিপ্রতিবন্ধী সাদা ছড়ি হাতে নিশ্চিন্তে হেঁটে যেতে পারবেন।
রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র পাওয়া গেছে। অনেক জায়গায় ফুটপাত উঁচু-নিচু করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেই অর্থে গ্রিন রোড যেন রাজধানীর অন্যান্য সড়কের প্রতীকী চিত্র।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফ উদ্দিন বলেন, ইচ্ছে মতো এভাবে ফুটপাত বদলে দেওয়ার নিয়ম নেই। এর ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। প্রথমত উঁচু-নিচু ফুটপাতের কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। এভাবে ইচ্ছা মতো ফুটপাত উঁচু-নিচু হওয়ার কারণে ড্রেন দেবে যায়। এতে পানির প্রবাহ ঠিকমতো না হয়ে সুয়ারেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। ফলে রাস্তায় নোংরা পানি জমে যায়। এ ছাড়া ফুটপাত উঁচু করার ক্ষেত্রে অনেক সময় তা ফুটপাত থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এতেও যান চলাচল ব্যাহত হয়। এ ছাড়া গ্যারেজ থেকে গাড়ি ধোয়ার পর বাড়ির সামনের নিচু ফুটপাত দিয়ে পানি গড়িয়ে রাস্তায় জলাবদ্ধতা তৈরি করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, তাঁরা দেখেছেন বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের স্বার্থে প্রভাবশালীরাই ফুটপাতের আকার বদলে ফেলেন। তাঁরা সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা তোয়াক্কা করেন না। এটি বন্ধ করতে বললে নানান দিক থেকে তদবির শুরু হয়। অনেক সময় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন উত্তরা, গুলশান, বনানী এলাকায় ফুটপাত উঁচু-নিচু করার প্রবণতা সবচেয়ে বেশি।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক নাফিসুর রহমান বলেন, ‘কোনো সভ্য দেশে ফুটপাত এমন উঁচু-নিচু থাকে না। কিন্তু আমাদের দেশে মানুষ নিজেদের সুবিধার জন্য যেভাবে উঁচু-নিচু করে তাতে কেবল প্রতিবন্ধীরাই নন, বয়স্ক লোক, গর্ভবতী নারী, শিশুসহ সবাই ক্ষতিগ্রস্ত হন। আমরা এ বিষয়ে সিটি করপোরেশনে অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু এটি বন্ধে তেমন তৎপরতা চোখে পড়েনি।’ তিনি আরও বলেন, ফুটপাত একটি নির্দিষ্ট মাপে থাকলে শুধু প্রতিবন্ধীরাও নন সাধারণ মানুষও উপকৃত হবেন।
ফুটপাতের আকার বদলে ফেলার আইনগত ভিত্তি সম্পর্কে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী গাজি ফিরোজ রহমান বলেন, ‘অনেক ক্ষেত্রে বাড়ির মালিকের সুবিধার কথা বিবেচনা করে আমরা কিছুটা সুবিধা দিয়ে থাকি কিন্তু তাই বলে সেটি অনেক উঁচু বা নিচু হওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই যেটি দেখা যায়, তা হচ্ছে আমাদের অনুমতি না নিয়েই এমনটা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ফুটপাতের আকার বদলে ফেলার ক্ষেত্রে সিটি করপোরেশন অভিযান চালাচ্ছে। ওই ধরনের ফুটপাত ভেঙে দেওয়া হচ্ছে। যেহেতু এ ক্ষেত্রে শাস্তির নির্দিষ্ট বিধান নেই তাই সেটি ভেঙে ফেলার খরচ মালিকদের কাছে আদায় করা হচ্ছে।
দুই নতুন মেয়রের বক্তব্য: বেআইনিভাবে ফুটপাতের আকার বদলে ফেলার বিষয়ে সিটি করপোরেশনের করণীয় কি জানতে চাইলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘ফুটপাত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ নাগরিকেরা যাতে ভালো ভাবে হাঁটাচলা করতে পারে সে জন্য ফুটপাত তৈরি হয়। কেউ যদি নিয়ম লঙ্ঘন করে ব্যক্তিগত স্বার্থে এর আকার বদলে ফেলে চলাচলে বিঘ্ন ঘটায় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’ এদিকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ‘ইচ্ছে মতো ফুটপাত বদলে ফেললে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এই সমস্যা সমাধানে তিনি দ্রুত উদ্যোগ নেবেন বলেও জানান।