বেআইনি সিডি-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‌্যাবের সদস্যরা রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক বেআইনি সিডি ও ইয়াবাসহ মাদক উদ্ধার করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাব সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাব-২-এর একটি দল রাজধানীর দারুসসালাম মাজার কো-অপারেটিভ বিপণিবিতানে অভিযান চালায়। ওই বিপণিবিতানের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৮০টি বেআইনি সিডিসহ কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এই ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ব্যাপারে দারুসসালাম থানায় মামলা হয়েছে।র‌্যাব-২-এর অপর একটি দল গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাসায় অভিযান চালায় এবং ওই বাসার সপ্তম তলা থেকে মাদক ব্যবসায়ী সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩৫০টি ইয়াবা বড়ি এবং বড়ি বিক্রির ৫৭ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে হাজারীবাগ থানায় মামলা হয়েছে।র‌্যাব-২-এর অপর একটি দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আদাবর এলাকার বালুর মাঠে অভিযান চালিয়ে ২৪টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।এ ছাড়া র‌্যাব-১-এর একটি দল রাজধানীর গুলশানের কামাল আতার্তুক এভিনিউ-সংলগ্ন রাজউক মাঠ থেকে ২৩ ক্যান বিয়ারসহ দুই ব্যক্তিকে এবং র‌্যাব-১০-এর একটি দল রাজধানীর গেন্ডারিয়ার অক্ষয় দাস লেন থেকে ২৫টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।