বেইলি রোডে নারী উদ্যোক্তাদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি রোডে নারী উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য নিয়ে মেলা চলছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ মেলার চতুর্থ দিন ছিল গতকাল। বেইলি রোডের ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় গতকাল দুপুরে গিয়ে দেখা যায় বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাতের কাজের জামা, চাদর, ব্যাগ, গয়না, জুতা, আচার, পিঠাসহ নানা কিছু পাওয়া যাচ্ছে।

রঙিন প্লাস্টিক পুঁতি দিয়ে তৈরি ট্রে, টিস্যু বক্স, ফুলদানি, ব্যাগ দিয়ে দোকান সাজিয়েছেন সাহানা আক্তার। বললেন, শুরুতে নিজে প্লাস্টিক পুঁতির শৌখিন জিনিস তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। তারপর অসচ্ছল পরিবার থেকে আসা কয়েকজন নারী শিক্ষার্থীকে বিনা মূল্যে তা শিখিয়েছেন। এখন পারিশ্রমিকের বিনিময়ে সেই মেয়েরা তাঁর কাজে সাহায্য করছেন। হাতে তৈরি শৌখিন ও গৃহস্থালি পণ্যগুলোর দাম ৫০ থেকে ১ হাজার টাকা।

মা-মেয়ের দোকান ‘সাতরঙ’-এ পাওয়া যাচ্ছে মেয়েদের পোশাক। সুঁই-সুতার কাজ, বাটিকের ছাপ আর আয়না বসানো জামাগুলোর দাম ৬০০ থেকে ৪ হাজার টাকা। সঙ্গে মেলা উপলক্ষে ছাড় চলছে।

আয়োজকদের একজন ফারহানা আফরোজ বলেন, ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত মেলার আয়োজন করেন তাঁরা। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে সামনে রেখে এবারের মেলা। তিনি বলেন, নতুন ব্যবসায়ীদের প্রচারের জন্য এই মেলাগুলো খুব কাজে দেয়। তবে নারী আয়োজক হিসেবে মেলার স্থানের বরাদ্দ পেতে সমস্যা পোহাতে হয়।

মেলায় সব মিলিয়ে দোকানের সংখ্যা ২০। রঙিন শামিয়ানার নিচে মধ্য খানে জায়গা ফাঁকা রেখে চারদিকে টেবিল পেতে বিকিকিনি চলছে। মেলায় আসা ক্রেতা নাজিবা তারান্নুম বললেন, মান অনুযায়ী পণ্যের দাম ঠিক আছে। ভিড়ভাট্টা কম বলে ভালো লাগছে।

১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত পর্যন্ত এই মেলা চলবে।