বেগুনবাড়ি খাল দূষণের দায়ে দুই কারখানাকে জরিমানা
রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়ি খালে দূষিত বর্জ্য ফেলার দায়ে দুই শিল্পপ্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর আকস্মিক অভিযান চালিয়ে এই জরিমানা করে। পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত পদ্মা পলি কটন নিট ফেব্রিক্স কারখানায় গিয়ে দেখা যায়, ওই কারখানার বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) চালু আছে। তবে ইটিপি থেকে বের হওয়া তরল বর্জ্যের তাৎক্ষণিক নমুনা পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় ৩ দশমিক ৫১, যা নির্ধারিত মানমাত্রার চেয়ে কম। ওই কারখানাকে ইটিপি পরিচালনায় ত্রুটির জন্য পাঁচ লাখ ৪৯ হাজার টাকা ক্ষতিপূরণ দণ্ড দেওয়া হয়। দ্রুত ইটিপির ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী একটি কারিগরি দলের সহায়তায় এ অভিযান চালান। অভিযানে ১৭১/১ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত হা-মীম ওয়াশিং প্লান্টে ব্যাপক পরিবেশদূষণের প্রমাণ পান পরিবেশ দূষণের কর্মকর্তারা। তাঁরা দূষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে আট লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত ইটিপি স্থাপনের নির্দেশ দেন। এই নির্দেশ না মানলে কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং কারখানা বন্ধ করে মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয় কর্তৃপক্ষকে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ১৯৯৯ সাল থেকে চালু এ কারখানায় কোনো বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) ও ২০০৩ সালের ২২ মার্চ থেকে পরিবেশ ছাড়পত্র নেই। এই কারখানাকে তরল বর্জ্য পরিশোধনের জন্য আগস্ট ২০০২-এর মধ্যে বর্জ্য পরিশোধন প্লান্ট তৈরির নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ২৬ হাজার ২৯২ ঘনমিটার রাসায়নিক বর্জ্য মেশানো দূষিত তরল বর্জ্য ফেলানোর প্রমাণ পান। এসব তরল বর্জ্য কারখানার ড্রেনের মাধ্যমে বেগুনবাড়ি খালে পড়তে দেখা যায়। তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে যে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় তা জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। তেজগাঁও এলাকায় গত সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে আরও তিনটি শিল্পকারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল।