বেগুনবাড়িতে আরও একটি ভবন ভাঙা হবে
রাজধানীর মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মাণ করা একটি চারতলা মাদ্রাসা ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী সপ্তাহে এটি ভাঙা হবে বলে জানা গেছে। পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের কাছে হেলে পড়া বাড়িটি ভাঙার কাজ বৃহস্পতিবার শুরু হবে বলে জানা গেছে। এ ছাড়া বেগুনবাড়িতে আরেকটি হেলে পড়া ভবন ভাঙার কাজ অব্যাহত আছে।মধ্য বেগুনবাড়ির হাতিরঝিলসংলগ্ন এলাকায় বেশ কিছুদিন আগে অবৈধভাবে নির্মিত আহসান উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে একটি চারতলা ভবন নির্মাণ করা হয়। এ ভবনটির কারণে ওই এলাকায় হাতিরঝিল প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার কারণে রাজউক এত দিন তা ভাঙতে পারছিল না। তবে এলাকার লোকজন জানান, ভবনটি একেবারে ঝিলের ভেতরে। তাছাড়া সেটি একদিকে কাত করেই নির্মাণ করা হয়েছে।এর আগে ১ জুন মধ্য বেগুনবাড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের মৃত্যু হয়। তারপর থেকে ওই এলাকায় অনুমোদনহীন ভবন ভাঙার এই অভিযান শুরু করে রাজউক।এরপর ৪ জুন উত্তর বেগুনবাড়ির ৪০/এ সাততলা বাড়িটি উত্তর দিকে হেলে পড়ে। বাড়ির লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে রাজউক ওই বাড়ি ভাঙা শুরু করে। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা উত্তর বেগুনবাড়ির সাততলা বাড়িটি ভাঙার কাজ তদারকি করছেন বলে জানা গেছে। ভাঙার কাজে মালিকের লোকজনের পাশাপাশি রাজউকের শ্রমিকেরা অংশ নিচ্ছেন।