বেগুনবাড়িতে বাবার হাতে ছেলে খুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকার ভাড়া বাসায় গত বুধবার রাতে বাবার হাতে ছেলে আল আমিন (৩২) খুন হয়েছেন। এ ঘটনায় আল আমিনের বাবা খোরশেদ আলী ও তাঁর ভাই আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খোরশেদ আলী তাঁর ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আল আমিন সপরিবারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ির সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আল আমিনের সঙ্গে তাঁর বাবা খোরশেদ ও ভাই আলমগীরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোরশেদ ও আলমগীর মিলে আল আমিনকে চড়-থাপড়, কিল, ঘুষি ও লাথি মারেন। এতে আল আমিন নিস্তেজ হয়ে পড়েন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আল আমিনের মৃত্যুর পর তাঁর স্ত্রী খাদিজা বেগম থানায় ফোন করে ঘটনাটি জানান। পরে পুলিশ উত্তর বেগুনবাড়িতে গিয়ে খোরশেদ আলী ও তাঁর ছেলে আলমগীরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে খাদিজা বেগম বাদী হয়ে খোরশেদ আলী ও আলমগীরকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, কিছুদিন আগে আল আমিনের নাকে অস্ত্রোপচার করা হয়েছিল। বাবা ও ভাই মিলে তাঁর অস্ত্রোপচারের স্থলে ঘুষি মারলে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন।আল আমিন ক্ষুদ্র ব্যবসা করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গতকাল তাঁর লাশের ময়নাতদন্ত হয়েছে।