বেগুনবাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেগুনবাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। গতকাল রোববার দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেগুনবাড়ী এলাকায় গিয়ে এ চাল বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকেই এখনো তেজগাঁও শিল্প এলাকার ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের হলে অবস্থান করছে। গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘শীতে-অনাহারে বেগুনবাড়ীর ক্ষতিগ্রস্তরা শুধুই কাঁদছে’ শীর্ষ প্রতিবেদনের ব্যাখা দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে বলা হয়, গত শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও কম্বল দিয়েছে। প্রাথমিকভাবে যাদের শনাক্ত করা হয়েছে তাদেরই এ সহায়তা দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করছেন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার এ পর্যন্ত ১৫ লাখ টাকা, ৫৫০টি কম্বল ও ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। গত শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ীতে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শতাধিক টিনের ঘর ও আধা পাকা ঘর পুড়ে গেছে। চারটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ অর্ধশত লোক আহত হয়েছে।