বেগুনবাড়ীতে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই
তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকার হাতিরঝিলের পাশে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে আটটি বাড়ির পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। এতে কারও মৃত্যু না হলেও আগুন নেভাতে গিয়ে ৪০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে হাতিরঝিলের পাশে ত্রিভুজ আকৃতির একটি জমিতে বাঁশ-কাঠের ওপর গড়ে ওঠা মো. মিন্টুর তিনতলা টিনের বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ওই বাড়িসহ আশপাশের লোকজন সন্তানদের নিয়ে দ্রুত বেরিয়ে আসেন। এক পর্যায়ে আগুন নিচতলা থেকে তৃতীয় তলায় ছোট ছোট ঘরে এবং পরে আরও সাতটি দ্বিতল ও তিনতলা টিনের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অগ্নিনির্বাপণ দলের (ফায়ার সার্ভিস) কর্মীরা আগুন নেভাতে যান। তাঁদের সঙ্গে স্থানীয় লোকজনও অংশ নেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পাশের পোশাক কারখানা ‘পদ্মা’য় ছুটি দেওয়া হয়। অগ্নিনির্বাপণ দলের কর্মীরা পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নেভাতে সক্ষম হন।সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো লম্বা, অনেকটা স্কুলঘরের মতো। প্রতিটি বাড়িতে ঘরের সংখ্যা ৬০ থেকে ৬৫টি। ঘরগুলো দৈর্ঘ্য-প্রস্থে পাঁচ থেকে ছয় ফুটের মতো। এসব ঘরের বাসিন্দাদের বেশির ভাগই পোশাক কারখানার শ্রমিক।মিন্টুর তিনতলা টিনের বাড়ির তত্ত্বাবধায়ক লিটন মিয়া বলেন, দ্বিতল ও তিনতলা টিনের বাড়ি ঘেঁষে তৈরি পোশাক কারখানা পদ্মার পাশে ঝুটের স্তূপে আগুন ধরে টিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। গ্যাসলাইনের সংস্পর্শে তা তীব্র আকার ধারণ করে। তিনি দাবি করেন, আটটি টিনের বাড়ির পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে।পদ্মা পোশাক কারখানার শ্রমিক জমিদা আক্তার বলেন, ‘আমার এক সহকর্মী বাচ্চাকে ঘুম পাড়িয়ে বাজারে গিয়েছিলেন। এসে আর বাচ্চাকে উদ্ধার করতে পারেননি।’ তবে অগ্নিনির্বাপণ দলের পক্ষ থেকে কোনো শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।একজন বাসিন্দা বলেন, জমি দখল করতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ দলের স্টেশন কর্মকর্তা আবু হাশেম বলেন, চুলা কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।