বেগুনের চড়া দামে কমেনি বেগুনির কদর

বেগুনি দুই প্রকারের। তার একটি হলো রং। রংধনুর ওপরের রংটিই বেগুনি। অন্যটি বেসনে ডুবিয়ে তেলেভাজা সরু বেগুনের ফালি। কমবেশি সারা বছর এই বেগুনি পাওয়া গেলেও রমজান মাসে এর চাহিদা ব্যাপক। ঢাকাসহ সারা দেশেই ইফতারে এই বেগুনির উপস্থিতি প্রায় অবশ্যম্ভাবী। এ কারণে রমজান মাসে বেগুন হয়ে ওঠে আলোচিত চরিত্র।
এবারের রমজানেও কাঁচাবাজারে বেগুনের আগুনে মেজাজ। ক্রিকেটীয় পরিভাষায় বললে, তার স্কোর ৮০-৯০–এর ঘরে নটআউট। কোনো কোনো দিন সেঞ্চুরিও হয়ে যায়। এবার রোজার আগের দিন এক শর ওপর ছিল সরু বেগুনের কেজি। গত বুধবার রোজার দ্বিতীয় দিনে কাঁচাবাজার ঘুরে দেখা গেল, সরু বেগুনের দর কিছুটা কমে ৭৫ থেকে ৮০ টাকায় ওঠা-নামা করছে। বিক্রেতারা জানালেন, রোজার আগে এই বেগুনের কেজি ছিল ৫০ টাকা। রোজার সময় বেগুনি ভাজার জন্য চাহিদা বেড়ে যায়। দাম বাড়ে সে কারণেই।
ইফতারের সঙ্গে বেগুনির গাঁটছড়া কবে থেকে, তা নিয়ে ঐতিহাসিকেরাও নিশ্চিত নন। ‘নির্দিষ্ট করে এটা বলা যায় না’, বলছিলেন ইতিহাসবিদ ও বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বললেন, ‘মানুষের খাদ্যাভ্যাস তার সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য। সংস্কৃতির যেমন রূপান্তর ঘটে, তেমনি যুগে যুগে মানুষের খাদ্যাভ্যাসও বদলে যায়। পরিবেশ, প্রকৃতি এসবও খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। বেগুন আমাদের এখানে সহজলভ্য প্রাচীন সবজি। বহুকাল থেকেই ভর্তা, ভাজি ও মাছের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। সেই সূত্রে হয়তো ঢাকায় ইফতারিতে বেগুনি জনপ্রিয়তা পেতে পারে। এলাকাভেদে এর পার্থক্যও থাকতে পারে।’
বেগুনের ইতিহাস সুপ্রাচীন হলেও বেগুনির আবির্ভাব তেমন নয়। নীহাররঞ্জন রায় তাঁর বাঙ্গালীর ইতিহাস-এ জানাচ্ছেন, ‘যে-সব উদ্ভিদ্ তরকারী আজও আমরা ব্যবহার করি, তাহার অধিকাংশই, যেমন, বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গে, কাঁকরুল, কচু (কন্দ) প্রভৃতি আদি-অস্ট্রেলীয় অস্ট্রিক ভাষাভাষী জনগোষ্ঠীর দান। এ-সব তরকারী বাঙ্গালী প্রাচীনকাল হইতেই ব্যবহার করিয়া আসিতেছে।’ তবে বেগুনি তৈরির অন্য প্রধান যে উপকরণ ডাল, তা কিন্তু বাঙালির নিজস্ব নয়, তত প্রাচীনও নয়। রায় মহাশয় লিখেছেন, ‘প্রাচীন বাঙ্গালীর খাদ্য তালিকায় ডালের উল্লেখ কোথাও দেখিতেছি না। ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই।’ তাঁর মতে, মধ্যযুগে বিশেষ কিছু কিছু অঞ্চলে ডাল খাওয়ার চল ছিল। আমাদের বাঙালির পাতে ডালের উপস্থিতি আরও পরে। অতএব ধরেই নেওয়া যায়, বেগুনির আবির্ভাব তারও পরে।
ঢাকাইয়া ইফতারির ঐতিহ্য দীর্ঘকালের। তুর্কি-মোগল খাদ্যরীতির প্রভাবে ঢাকার ইফতারির তালিকায় হরেক রকমের কাবাব, কোপ্তা, চাপের সঙ্গে চাপাতি, নান, শিরমাল (অধুনালুপ্ত) এসব রুটি ও পরোটার রীতিমতো জবরদস্ত উপস্থিতি ছিল। এই ধারা এখনো চলমান। হাকিম হাবিবুর রহমান ঢাকার খাবার নিয়ে তাঁর আকর গ্রন্থ পাচাস বারাস পহেলেতেও ইফতারির খাদ্যতালিকায় এসবেরই ফিরিস্তি দিয়েছেন। এ ছাড়া চকের ইফতারির বাজারে বিভিন্ন ভাজা ও রমজানের বিশেষ সামগ্রী পাওয়া যেত বলে উল্লেখ করেছেন। সেই সূত্রে ধরে নেওয়া যায় পাকিস্তান আমলেও চকের ইফতারিতে বেগুনির উপস্থিতি ছিল। এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হাবিবা খাতুন ও ফাফিজা খাতুন সম্পাদিত ঢাকাই খাবার বইতেও ঢাকার ইফতারিতে বেগুনির প্রচলনের উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, মুড়ি ভর্তা হলো ঢাকাইয়া ইফতারির একটি জনপ্রিয় পদ। এতে মুড়ির সঙ্গে সুতি কাবাব, ঘুগনি, ছোলা, পেঁয়াজি ও বেগুনি ব্যবহৃত হয়। অতএব দেখা যাচ্ছে, বেগুনি একেবারে উড়ে এসে জুড়ে বসেনি, বেশ দীর্ঘদিন থেকেই বেগুনি ঢাকাইয়া ইফতারির সঙ্গে জুড়ে আছে।
এমন কিছু আহামরিও নয় বেগুনি তৈরির কায়াদা। সে পাঁচতারা হোটেল থেকে শুরু করে একেবারে ফুটপাত—সর্বত্রই প্রায় একই রেসিপি। প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ের প্রধান পাচক ডমিনিক গমেজ বললেন, লম্বা জাতের বেগুন দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা ও পাতলা করে কেটে বেসনে ডুবিয়ে তেলে ভেজে তুললেই হলো। বেসনের সঙ্গে একটু খাবার সোডা ও পরিমাণমতো লবণ, মরিচ, আদা, রসুন দিতে হয়। ঢাকার খ্যাতনামা বাবুর্চি ফখরুদ্দীনের বড় ছেলে রফিক উদ্দিন বাবুর্চিও জানালেন, রেসিপি একই, তবে তাঁরা সোডা ব্যবহার করেন না। তার বদলে বেসনের সঙ্গে একটু কালোজিরের গুঁড়া মেশান। কেউ কেউ এর সঙ্গে পুদিনা ও ধনে পাতাও ব্যবহার করেন বলে তিনি জানালেন।