বেঙ্গলে তিন প্রজন্মের চিত্রকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর নাম ‘ছড়ানো জীবন ও অনুসঙ্গ’। দেশের তিন প্রজন্মের ১২ জন শিল্পীর কাজ নিয়ে এই দলগত প্রদর্শনী শুরু হয়েছে গতকাল রোববার গুলশানের বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জে।গতকাল সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে ১২ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী ও বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল ও বিশ্বজিৎ গোস্বামী।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৪১টি। প্রদর্শনী চলবে ১১ অক্টোবর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ধানমন্ডিতে কেনেডি সেন্টারের উদ্বোধন মুক্তিযুদ্ধ জাদুঘরের অংশীদারিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টসের (ইএমকে সেন্টার) উদ্বোধন করা হলো গতকাল।বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব নারী-পুরুষ এবং মুক্তিযুদ্ধের সুহূদ যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড এম কেনেডির সম্মানার্থে এই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সিনেটর কেনেডি মুক্তিযুদ্ধে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন এবং ১৯৭২ সালে বাংলাদেশে এসেছিলেন। এখানে রয়েছে ওয়াইফাই-সুবিধা, ক্যাফে, শ্রেণিকক্ষ, রিসোর্স, রেফারেন্স রুম ও লাউঞ্জ। এই সবকিছুই ইএমকে সেন্টারের সদস্যদের জন্য সহজপ্রাপ্য, যাঁরা বার্ষিক এক হাজার টাকা ফির মাধ্যমে এই সেন্টারে যোগ দিতে পারবেন।ইএমকে সেন্টারের উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, ‘আমি গর্বিত যে আমরা সিনেটর কেনেডির স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে অংশীদারির ভিত্তিতে বাংলাদেশের পরবর্তী নেতৃত্বের জন্য একটি চমৎকার স্থান, একটি ভিত্তি তৈরি করতে পেরেছি। গত জুলাইয়ে সেন্টারটির প্রাথমিক উদ্বোধনের পর থেকে গত কয়েক মাসে আমরা দেখেছি যে তরুণ নেতৃত্ব ইতিমধ্যে এর সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন। শত শত তরুণ সামাজিক উদ্যোক্তা নেতৃত্ব প্রশিক্ষণে, মানবাধিকার কর্মশালায় ও নাগরিক শিক্ষা কর্মসূচিতে নেতৃত্ব দিতে অথবা অংশ নিতে নতুন এই চমৎকার জায়গাটিতে এসেছেন।’রাষ্ট্রদূত ড্যান মজীনা ছাড়াও যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ডানিলুইচ, দি আমেরিকান সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ইভলিন আর্লি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী বাংলাদেশি তরুণ সামাজিক উদ্যোক্তা ও শিল্পীদের সঙ্গে ইএমকে সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দি এডওয়ার্ড এম কেনেডি সেন্টার আজ ১ অক্টোবর থেকে খোলা হবে। আরও তথ্যের জন্য ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফের সঙ্গে [email protected] -এ যোগাযোগ করা যাবে। নজরুলসংগীত সন্ধ্যাশিল্পী সালাহউদ্দীন আহমেদের একক সংগীত সন্ধ্যা হয়ে গেল গত শনিবার। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে তাদের গুলশান মিলনায়তনে।শিল্পী নজরুলসংগীতের সঙ্গে বেশ কিছু ধ্রুপদি আঙ্গিকের গানও গেয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল: ‘মনে পড়ে আজ সে কোন জনমে’, ‘জগৎ জুড়ে জাল ফেলেছিস্ মা’, ‘নিদ কেন আসে না মোর নয়নে’, ‘চুরি করে এনো’, ‘নয়ন ভরা জল গো তোমার’।