বেচাকেনা এখনো জমে ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে ‘শারারা’ নামে মেয়েদের একটি পোশাক বাজারে এসেছে। পোশাকটি নজর কেড়েছে ক্রেতাদের। গতকাল গাউছিয়া মার্কেট থেকে তোলা ছবি l প্রথম আলো
এবার ঈদে ‘শারারা’ নামে মেয়েদের একটি পোশাক বাজারে এসেছে। পোশাকটি নজর কেড়েছে ক্রেতাদের। গতকাল গাউছিয়া মার্কেট থেকে তোলা ছবি l প্রথম আলো

দিলশাদ বিনতে জামান মায়ের সঙ্গে গাউছিয়া মার্কেটে এসেছেন ঈদের পোশাক কেনার জন্য। অনেকক্ষণ ধরেই ঘুরছেন। পছন্দ হলে ‘শারারা’ নামের বা ‘গাউন’ ফ্যাশনের পোশাক কিনবেন। দিলশাদের মতো অনেকেই মার্কেটগুলোতে ঘুরছেন। কেনার চেয়ে ঈদের বাজারে কোথায় কী উঠেছে, এখন মূলত তাঁরা সেটারই খোঁজখবর নিচ্ছেন। ফলে কেনাবেচা এখনো তেমন জমে ওঠেনি।
গতকাল শুক্রবার নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক ও প্রিয়াঙ্গন মার্কেট ঘুরে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেল। তাঁরা এ দোকান থেকে ও দোকান ঘুরছেন। গাউছিয়ায় মোশারফ হোসেনের দোকানে এক ক্রেতা এসে কয়েক ধরনের পোশাক দেখলেন, দরদামও করলেন। কিন্তু না কিনে তিনি ফিরে গেলেন। মোশারফ হোসেন বলেন, ‘কেনাবেচা ওইভাবে এখনো শুরু হয়নি। মানুষ ঘুরে দেখে যাচ্ছে।’ তিনি আরও বলেন, এবার ভারত থেকে আসা ‘শারারা’ নামের পোশাকটির প্রতি তরুণী ক্রেতাদের আগ্রহ বেশি।
এ মার্কেটের আরও কয়েকজন বিক্রেতা বললেন, ‘শারারা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘গাউন’-এর চাহিদা বেশি। প্রায় সব দোকানেই এ তিন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। বিক্রেতারা ১০-১২ রোজা পার হওয়ার পরে বিক্রি বাড়ার আশা করছেন।
দোকানে দোকানে ঘুরে পোশাক দেখছিলেন মনিরা আক্তার। তিনি বলেন, ‘আসলে কী উঠেছে, সেটাই দেখছি। পরে কিনব।’
রফিজা খানম নওগাঁ থেকে এসেছেন। নিজের একটি বুটিকসের দোকান আছে। নিউমার্কেটের ব্লক-বাটিকের দোকানে দরদাম করছেন। তিনি বলেন, ‘চাঁদনী চক থেকেই কিনি, এবার এখানে এসেছি, কিন্তু দামটা একটু বেশিই মনে হচ্ছে।’ একসঙ্গে অনেক সেলাই ছাড়া থ্রিপিস নিয়ে যাবেন নিজের ব্যবসার জন্য।
নিউমার্কেটের গজ কাপড় বিক্রেতা হাজি মো. শাহেদ বলেন, ‘এখনো বেচাকেনা তেমন শুরু হয়নি, তবে দুয়েক দিনের মধ্যে বাড়বে।’
আরেক গজ কাপড় বিক্রেতা শামছুল আলম বললেন, যাঁরা দরজির দোকানে গিয়ে পোশাক বানিয়ে নেন, তাঁরা শবে বরাতের পরেই কিনেছেন। ওই সময়ে গজ কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেশি ছিল।
একই কথা বললেন চাঁদনী চকের দরজি দোকানি শওকত বিশ্বাস। তিনি বলেন, ‘শবে বরাতের পর অনেক অর্ডার নিছি, এখন আবার কম। আর কিছুদিন পর বাড়বে।’ দরজি দোকানগুলো ফাঁকাই দেখা গেল। কিছুদিনের মধ্যেই মানুষ আসবে বলে তাঁদের আশা।
গাউছিয়ার শাড়ির মার্কেটে মানুষের বেশ ভিড়। বিক্রি কম। কিন্তু দোকানিরা বসে আছেন ক্রেতার আশায়। বিক্রেতা মো. সাইফুর রহমান বলেন, ‘মানুষ আসছে, কিন্তু কিনছে না। দেখে চলে যাচ্ছে।’ ১৫ রোজার পর থেকে বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন।
শামীমা নাসরিন স্বজনদের জন্য শাড়ি কিনতে এসেছেন। তিনি বলেন, ‘ঘুরে দেখছি, পছন্দ ও দামে হলে কিনব।’
আজ পবিত্র রমজান মাসের পঞ্চম দিন। ঈদের কেনাকাটা তেমন জমেনি। ক্রেতা-বিক্রেতা উভয়েই অপেক্ষা করছেন আরও কিছুদিন পার হওয়ার জন্য।