বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি অভিভাবকেরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চলতি মাস থেকে শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষা ফি বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বেতন বাড়ানোর আগে বিদ্যালয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পর্যায়ে বেতন বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকেরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। সূত্র জানায়, জুলাই মাস থেকে বেতন ও পরীক্ষার ফি ১০০ টাকা বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। ২০০৮ সালের জানুয়ারিতে মাসিক বেতন ১০০ টাকা বাড়ানো হয়েছিল। পরের বছর আবারও ১০০ টাকা বেতন বাড়ানোর উদ্যোগ নিলে অভিভাবকদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত স্থগিত করে। খোঁজ নিয়ে জানা যায়, প্রথম থেকে দশম শ্রেণীর পরীক্ষার ফি ২০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে ও মাসিক বেতন ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে এবং উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের বেতন ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।কয়েকজন অভিভাবক জানান, প্রতি মাসের পাঁচ, ১৫ ও ২৫ তারিখে শিক্ষার্থীদের বেতন দিতে হয়। ১৫ তারিখের পরে জরিমানাসহ বেতন দিতে হয়। তাঁরা জানান, এই বিদ্যালয়ে সব সময়ই শিক্ষার্থীদের তিন মাসের বেতন আগাম দিতে হয়। শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম। গতকাল সোমবার শান্তিনগর প্লাজায় অনুষ্ঠিত ফেরামের প্রতিবাদ সভায় ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর আদেশ স্থগিত করা না হলে ১৪ জুলাই বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও ১৫ জুলাই বিদ্যালয়ে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।ফোরামের সভাপতি জিয়াউল কবির গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘জানুয়ারি মাসে বেতন বাড়ালে আন্দোলনের মুখে পড়তে পারে—এ আশঙ্কায় জুলাই মাসে বেতন বাড়ানো হয়েছে। বছর বছর এভাবে বেতন বাড়ানো হলে শিক্ষার্থীরা এ বিদ্যালয় থেকে আগ্রহ হারিয়ে ফেলবে।’আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ডিসেম্বরে পরিচালানা পর্ষদের সভায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কথা চিন্তা করে জুলাই থেকে বর্ধিত বেতন আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি জানান, বর্ধিত বেতন নেওয়ার আগে বিদ্যালয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ মাসে ইতিমধ্যে বর্ধিত বেতন পরিশোধ করেছে শিক্ষার্থীরা।