বেতন বাড়ানোর দাবিতে টেলিটক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতি ও সার্ভিস রুলের দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশানে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। এ বিক্ষোভের সময় অবরুদ্ধ হয়ে পড়েন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান।টেলিটকের সহকারী ব্যবস্থাপক (সিস্টেম ইঞ্জিনিয়ারিং) আবু রায়হান কাওসার প্রথম আলোকে বলেন, কোম্পানির বয়স পাঁচ বছর পার গেলেও এখন পর্যন্ত সার্ভিস রুল প্রণীত হয়নি। শুরুতে কোম্পানির বোর্ডে পাস হওয়া সাময়িক বেতন কাঠামো অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু বর্তমানে বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে সেই কাঠামোও মানা হচ্ছে না। ফলে ছুটি, পদোন্নতি বা অন্যান্য সুবিধা থেকে কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া ‘যাকে যেমন ইচ্ছা তেমন বেতন’ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা। আবু রায়হান কাওসার বলেন, একই পদের বিপরীতে দুই ধরনের বেতন দেওয়া হয়। জুনিয়রদের থেকে সিনিয়রদের বেতন কম। কোনো পদোন্নতি নীতিমালা নেই। বিক্ষোভরত ব্যক্তিদের অভিযোগ, ২০০৫ থেকে এ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও টেলিটকের বেতন-ভাতা এতটুকু বাড়েনি। দুপুর পৌনে একটার দিকে ব্যবস্থাপনা পরিচালক দাবি পূরণের আশ্বাস দিলে কর্মচারী-কর্মকর্তারা কাজে ফিরে যান।এ প্রসঙ্গে জানতে চাইলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, টেলিটক কর্তৃপক্ষও বেতন কাঠামোর পরিবর্তন চাচ্ছে। আর কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়ার বিষয়ে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি দেখছে।