
বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা পরিচালক শওকত আলীকে আটকে রেখেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে তাঁরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের কারণে বহু রোগী ফিরে গেছেন। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচালক অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি মতিয়ার রহমান বলেন, হাসপাতালে নতুন বেতন স্কেল কার্যকর করার দাবিতে অনেক দিন ধরেই তাঁরা তাগাদা দিয়ে আসছেন। কর্তৃপক্ষ ৮ জুনের মধ্যে বেতন স্কেল কার্যকর করবে, এমন কথা জানিয়েছিল। কিন্তু গতকাল সকালে হাসপাতালে এসে তাঁরা জানতে পারেন, এ মাসের শেষ নাগাদ বেতন স্কেল দেওয়া হবে, তা-ও পুরো নয়, ৩০ শতাংশ। এ খবর ছড়িয়ে পড়ার পরই কর্মকর্তা-কর্মচারীরা পরিচালককে ঘেরাও করেন। তাঁরা বাইরে থেকে পরিচালকের কক্ষের বিদ্যুৎ-সংযোগ কেটে দেন।
বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় পরিচালকের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছেন। তাঁরা হ্যান্ড মাইকে ‘এক দফা এক দাবি, পে-স্কেল পে-স্কেল’ স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের কারণে গতকাল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বহির্বিভাগে রোগীরা চিকিৎসা পায়নি। প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৩০০ রোগী আসে। ভর্তি রোগীদের অনেকেই মাইকের শব্দ ও হইচই থেকে বাঁচতে কক্ষের দরজা-জানালা আটকে রাখে। পরিচালকের কক্ষটি হাসপাতালের জরুরি বিভাগ লাগোয়া। পরিচালকের কক্ষের ওপরেই নবজাতক, ওয়ার্ড ও অর্থোপেডিকস, কিডনি ও হৃদ্রোগে আক্রান্ত নারীদের ওয়ার্ড। কর্মকর্তা-কর্মচারীদের হইচই, মাইকে স্লোগান এসব কারণে রোগীরা স্বস্তিতে ছিল না।
মিরপুর থেকে ৯০ বছরের বৃদ্ধা মা নাসিমা খাতুনকে নিয়ে এসেছিলেন চুন্নু খান। তিনি দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হইচইয়ের জন্য কষ্ট হচ্ছে। আমার মায়ের হার্টের অবস্থা খারাপ। ভাবছিলাম কিছুদিন এখানে রাখব। অ্যাম্বুলেন্স খবর দিয়েছি। চলে যাব।’ চিকিৎসাধীন বড় বোনকে বরিশাল থেকে দেখতে এসেছিলেন মো. আলমগীর হোসেন। বোনকে দেখে বেরোনোর সময় তিনি দরজা-জানালা ভালো করে আটকে বসে থাকার পরামর্শ দেন বোনের সঙ্গে থাকা স্বজনকে।
এ বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, ভর্তি রোগী আছে, তবে কম। অপর একজন বলেন, রোগীর কেনো ক্ষতি হলে দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ তাঁদের দাবি ন্যায্য। ২৪ বছরের পুরোনো একজন কর্মকর্তা প্রেমানন্দ হালদার বলেন, পরিস্থিতি তাঁদের আন্দোলনে নামতে বাধ্য করেছে।
এ বিষয়ে জানতে অবরুদ্ধ পরিচালক শওকত আলীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, রেড ক্রিসেন্টে বেতন স্কেল কার্যকর হয়েছে, কিন্তু হাসপাতাল ও মেডিকেল কলেজে কার্যকর হয়নি। খাতাপত্র নিয়ে বসে দেখা গেছে, হাসপাতালের যে আয়, বেতন স্কেল বাস্তবায়ন করতে তার অতিরিক্ত ৭৪ লাখ ৭৫ হাজার টাকা লাগবে। এ নিয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কোথা থেকে যেন কর্মকর্তা-কর্মচারীরা জানতে পেরেছেন যে বেতন স্কেল পুরো কার্যকর হবে না।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল রাজধানীর একটি পুরোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নানা কারণে হাসপাতালটি তার গৌরব হারাতে বসেছে। হাসপাতালের চিকিৎসা ব্যয় বেসরকারি হাসপাতালগুলোর তুলনায় কম। তবু ৪৯৩টি বিছানায় গড়ে ২০০-২২৫ জনের বেশি থাকে না। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় হাসপাতালটির উন্নয়নের চেষ্টা চলছে। দায়িত্বশীল একটি সূত্র আক্ষেপ করে প্রথম আলোকে বলে, এ অবস্থায় এমন একটি ঝামেলা হাসপাতালের সুনাম নষ্ট করল।