বেদখল হল উদ্ধারে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে থাকা ১২টি হল উদ্ধারে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম। ভূমিমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংশিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় বেখদল হলগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেওয়া হবে।’ গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, ‘সরকার সব যুদ্ধাপরাধীদের আইনের আওতায় এনে আন্তর্জাতিক মানদণ্ডে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের দ্রুত শাস্তির জন্য কাজ করছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহিনুর রহমান, কাজী সাইফুদ্দীন, মোহাম্মদ আলী নূর, অরুণ কুমার গোস্বামী, নূরুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ।বক্তারা বলেন, ‘অন্য সব রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের অপরাধ অনেক বেশি জঘন্য। কারণ, তারা মাতৃভূমির বিরুদ্ধে যুদ্ধ করেছে।’ বক্তারা সরকারের কাছে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি জানান।