জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে থাকা ১২টি হল উদ্ধারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সব শিক্ষক ও শিক্ষার্থী। দাবি আদায়ে তাঁরা গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষকদের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী শহীদ মিনার চত্বরে জড়ো হন। পরে প্রধান ফটক থেকে শুরু করে কলা ও বিজ্ঞান অনুষদ চত্বর পর্যন্ত দীর্ঘ মানবপ্রাচীর তৈরি করেন ছাত্র-শিক্ষকেরা। বেদখল হল উদ্ধার কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সব কর্মকর্তা-কর্মচারীও অংশ নেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘আবাসনসুবিধা না থাকায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বাধ্য হয়ে অনেককেই মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।’ তাঁরা অবিলম্বে বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণ করে আবাসনসুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।উপাচার্য বলেন, ‘হলগুলো পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে প্রশাসন নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সরকারের সর্বোচ্চ মহলের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এগুলো উদ্ধার করা সম্ভব নয়।’কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর, বেদখল হল উদ্ধার আন্দোলনের প্রধান সমন্বয়ক কাজী আসাদুজ্জামান, হল উদ্ধার কমিটির আহ্বায়ক এস এম আনোয়ারা বেগম, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। তাঁরা বেদখল হলগুলো উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।বেলা পৌনে একটায় মানববন্ধন শেষে ছাত্রদের একটি অংশ প্রধান ফটকের সামনে একই দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা প্রধান ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে উপাচার্য প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন।