প্রায় তিন বছর ধরে চেষ্টা চলছে। খরচ হয়েছে লাখ লাখ টাকা। তবু বেদখল হয়ে থাকা কয়েক শ কোটি টাকার সম্পত্তি ও আবাসিক হলগুলোর একটিও উদ্ধার করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।এমনকি বেদখল হওয়া ১২টি হলের মধ্যে একমাত্র বাণী ভবনের একাংশ এবং ধূপখোলা মাঠ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দখলে থাকলেও এগুলোর দলিলপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।প্রায় এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলগুলোর দখল ফিরে পেতে আন্দোলন শুরু করেন। এরপর প্রশাসন হলগুলো উদ্ধারের উদ্যোগ নেয়।শিক্ষার্থীরা বলছেন, এক বছরের ফলাফল শূন্য। উল্টো বেদখলে থাকা শহীদ শাহাব উদ্দীন ও তিব্বত হল ক্ষমতাসীন দলের দুই নেতা দখল করে নিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন, বেদখল হওয়া হল উদ্ধারের প্রক্রিয়াটি কেবল বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর ফলে শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।হল ও অন্যান্য সম্পদ উদ্ধার কমিটির সদস্যসচিব শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘এখনো কিছু উদ্ধার না করতে পারলেও অনেক অগ্রগতি হয়েছে। আগামী মাসেই হয়তো হাবিবুর রহমান হলটি আমরা লিজ হিসেবে পাব। ঢাকা জেলার জেলা প্রশাসক আমাদের বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন।’ তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ আজমল হোসেন হলের জন্য পূর্ত মন্ত্রণালয় ও আবদুর রহমান হল ফিরে পেতে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ও ইতিমধ্যে ওই দুই মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বেদখল হওয়া হলগুলো উদ্ধারে প্রথম উদ্যোগ নেন সাবেক উপাচার্য সিরাজুল ইসলাম খান। তিনি বেদখল হওয়া হলগুলোসহ সম্পত্তির তথ্য জানতে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেন।এর পরের বছর থেকেই বেদখল হওয়া হলগুলো উদ্ধারের সহযোগিতা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরামর্শক প্রতিষ্ঠানের প্রাথমিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বেদখল হলগুলোর উদ্ধার-প্রক্রিয়ায় সহযোগিতা করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে প্রশাসন। প্রায় নয় মাস পর শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হল উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করতে অনুরোধ করেন। এভাবে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে।গত বছরের ২৭ জানুয়ারি আবাসিক হলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস বন্ধ থাকে। এ সময় প্রশাসন হলগুলো ফেরত পেতে আবারও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে শিক্ষাসচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো উদ্ধারে করণীয় ঠিক করতে ছয় সদস্যের কমিটি করা হয়। কমিটি যাচাই-বাছাই করে পাঁচটি হলের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নামে ইজারা দেওয়ার সুপারিশ করে। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ৫ মে হলগুলোর দীর্ঘস্থায়ী ইজারা পেতে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে।ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, হাবিবুর রহমান হল ছাড়া আর কোনোটির ইজারা দেওয়া সম্ভব নয়। তবে সরকারের মাধ্যমে জনস্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলো অধিগ্রহণের ব্যবস্থা করতে পারে।জানা যায়, জেলা প্রশাসনের এই প্রতিবেদন অনুযায়ী বেদখল হওয়া শহীদ আনোয়ার শফিক, শহীদ আজমল হোসেন, শহীদ শাহাব উদ্দিন, তিব্বত ও হাবিবুর রহমান হল পুনরুদ্ধারের সম্ভাবনা আবারও ক্ষীণ হয়ে এসেছে।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বেদখল হলগুলো উদ্ধারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব দেখালেও কাজ হচ্ছে না। সরকার যদি আন্তরিক ও কঠোর হয়, তবেই এগুলো উদ্ধার করা সম্ভব। তাই আমরা এখন প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের জন্য তাঁর সঙ্গে দেখা করব।’