বেদখলে থাকা হল উদ্ধার এবং নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।গতকাল দুপুরে ছাত্রফ্রন্ট ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে আবার ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, সাত বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বেদখলে থাকা হল উদ্ধার ও আবাসিক সমস্যা সমাধান করতে পারেনি। এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি চলছে।সমাবেশে ছাত্রফ্রন্টের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত বাড়িভাড়ার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা অবিলম্বে বেদখলে থাকা হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শরীফুল চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।