বেশি দামে পণ্য বিক্রি করায় ১৫ জনকে জরিমানা
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও ভেজালের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ জন ব্যবসায়ীকে ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারকির কাজে নিয়োজিত দুটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল মালিবাগ বাজার, রামপুরা বাজার, মহাখালী কাঁচাবাজার, বনানী কাঁচাবাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।নির্ধারিত দামের চেয়ে বেশি দামে (৫০ থেকে ৫৪ টাকা পর্যন্ত) চিনি বিক্রি করায় মালিবাগ কাঁচাবাজারের শিপন স্টোর, বিপ্লব স্টোর, রশিদ স্টোর, রহিম স্টোর, ববি স্টোর, পাটোয়ারী স্টোর এবং রামপুরা বাজারের সিরাজ স্টোর, ভূঁইয়া স্টোর, শাহনাজ স্টোর ও আরও একটি দোকানকে মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের মেসার্স ইসমাইল ট্রেডার্সকে ২০ হাজার, মহাখালী কাঁচাবাজারের লক্ষ্মী জেনারেল স্টোর ও বনানী কাঁচাবাজারের আরও একটি দোকানকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরির দায়ে রামপুরার আনন্দ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এম রেজওয়ান হোসেন, মো. আতাউর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব আবদুল বাতেন মিঞা তিনটি দলের নেতৃত্ব দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি দলের সদস্যরা ছাড়াও এফবিসিসিআই, ঢাকা সিটি করপোরেশন, ট্যারিফ কমিশন, ঢাকা জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে প্রতিটি দোকানকে বেশি দামে পণ্য বিক্রি না করা এবং ভেজাল না দিতে অনুরোধ করা হয়। প্রতিটি পণ্যের ক্রয়মূল্যের রসিদ সংগ্রহ ও সংরক্ষণের জন্যও বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।