বেশি দামে পণ্য বিক্রি ১৭ বিক্রেতাকে জরিমানা
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও ভেজালের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৭ জন ব্যবসায়ীকে ৯৭ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারকির কাজে নিয়োজিত দুটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল পলাশী বাজার, ঝিগাতলা সালেক গার্ডেন মার্কেট, গ্রিন রোডের কয়েকটি হোটেল, নিউমার্কেট কাঁচাবাজার ও মোহাম্মদপুর কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। এর মধ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির প্রস্তাব করায় পলাশী বাজারের সোহাগ স্টোর, ওবায়েদ স্টোর, স্বর্ণা জেনারেল স্টোর, জুনায়েদ স্টোর ও লিয়াকত স্টোর এবং ঝিগাতলা সালেক গার্ডেন মার্কেটের নিহাল স্টোর, মিম স্টোর, সূচনা জেনারেল স্টোর, মায়ামি ট্রেডার্স ও ফরাজি স্টোরকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা না টাঙানোয় নিউমার্কেটের মাইনুদ্দিন এন্টারপ্রাইজকে পাঁচ হাজার, মকবুল স্টোরকে দুই হাজার, সোনারবাংলা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরির দায়ে ঝিগাতলার নিউ গাউছিয়া হোটেল ও সুনামি হোটেল এবং গ্রিন রোডের হোটেল আপ্যায়ন ও খাজা হোটেলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম, উপসচিব আখতারুজ্জামান খান ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব আবদুল বাতেন মিঞা তিনটি দলের নেতৃত্ব দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি দলের সদস্যরা ছাড়াও এফবিসিসিআই, ঢাকা সিটি করপোরেশন, ট্যারিফ কমিশন, ঢাকা জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।