বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১৭ ব্যবসায়ীর জরিমানা
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরিসহ বিভিন্ন অভিযোগে ১৭ জন ব্যবসায়ীকে মোট ৭৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারকির দুটি দল ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরেকটি দল কাঁঠালবাগান বাজার ও কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি, ভোজ্যতেল ও মাংস বিক্রি করায় কাঁঠালবাগান বাজারের শুভ অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার, জব্বার অ্যান্ড সন্সকে ১০ হাজার, সাউদিয়া সুপার শপকে আট হাজার, সুলতান স্টোরকে ১০ হাজার, মাস্টার স্টোরকে আট হাজার ও একটি মাংসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের তন্নি জেনারেল স্টোর, জাহাঙ্গীর ট্রেডার্স, আলম এন্টারপ্রাইজ, ভূঁইয়া এন্টারপ্রাইজ ও মাসুদ ট্রেডার্সকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। হাকিমপুরী জর্দার মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, সতর্কীকরণ বাণী ইত্যাদি লেখা না থাকায় আনোয়ারের পানের দোকান, স্বপনের পানের দোকান, নির্মলের সুপারির দোকান ও মানিকের সুপারির দোকানকে দুই হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। আর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করায় মা-মণি এবং সানমুন হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম, উপসচিব আখতারুজ্জামান খান ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব মো. আবদুল বাতেন মিঞা অভিযানে নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি দলের সদস্যরা ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।রোজায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে ধার্যকৃত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করাই এই অভিযানের উদ্দেশ্য।