ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে চুক্তি অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগ করেছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদ এই অভিযোগ করে। এতে বলা হয়, চুক্তি অনুয়ায়ী যে দামে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, এর চেয়ে কয়েক গুণ বেশি টাকায় ফ্ল্যাট বিক্রি হয়েছে। আর সচ্ছল ব্যক্তিরা বস্তিবাসী সেজে এসব ফ্ল্যাট কিনে নিচ্ছেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ এ খান।সংবাদ সম্মেলনে বলা হয়, সংগ্রাম পরিষদ জানতে পেরেছে, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ফ্ল্যাট পেতে সরকারি দলের স্থানীয় কিছু নেতা প্রভাব খাটাচ্ছেন। তাঁরা বস্তিবাসীর প্রতিনিধি সেজে দলীয় কর্মীদের নামে ফ্ল্যাট পাইয়ে দিতে সরকারি আমলা, সাংসদ ও মন্ত্রীদের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে চাচ্ছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, গরিব বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কিন্তু প্রকল্পের অবশিষ্ট কাজের জন্য ফ্ল্যাটপ্রতি ৫৫ হাজার টাকা করে এককালীন দিতে হবে। কিন্তু একজন বস্তিবাসীর পক্ষে একসঙ্গে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে যেকোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পরিষদের সভাপতি শওকাত হোসেন ভূঁইয়া, উপদেষ্টা আবুল হোসেন, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।