
৩০ বছরের রীনা আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা। বুকে ব্যথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে তিনি স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন। চিকিৎসক তাঁর সব সমস্যা শুনে ব্যবস্থাপত্র লিখে দিলেন। সঙ্গে দিলেন নানা পরামর্শ। বললেন পরবর্তী রুটিন চেকআপে সময়মতো আসার জন্য।
মুগদা এলাকার পার্টনারশিপ এলাকা-৪-এর নগর স্বাস্থ্যকেন্দ্র-২-এ গিয়ে দেখা যায় এই চিত্র। গতকাল রোববার দুপুরে রীনা আক্তার যখন চিকিৎসকের কক্ষে ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন তাঁর স্বজন।
মূলত দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে সেবা দিতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রজেক্টের ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু হয়। আর কেন্দ্রগুলো পরিচালনা করছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।
কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যকেন্দ্রটিতে সব শ্রেণির রোগীরাই চিকিৎসা নিতে আসে। তবে সবচেয়ে বেশি রোগী আসেন গর্ভকালীন সেবা নিতে। অন্তঃসত্ত্বা নারীদের উল্লেখযোগ্যসংখ্যক নিয়মিত রুটিন চেকআপেও আসেন। প্রাথমিক চিকিৎসাসেবা নিতে পুরুষ, শিশু-কিশোরেরাও আসে। তবে উল্লেখযোগ্যসংখ্যক কিশোরী আসে মাসিকের সমস্যা নিয়ে। মাসিক নিয়মিতকরণের (এমআর) জন্যও আসে অনেকে।
কর্তৃপক্ষ আরও জানায়, কিছু রোগী টাকা বাঁচাতে পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) করাতে চায় না। পাশাপাশি শ্বশুরবাড়ি ও স্বামীর কাছ থেকে অনেক সময় পরীক্ষা করানোর অনুমতি মেলে না।
এ বিষয়ে চিকিৎসক রেহানা সুলতানা বলেন, অন্তঃসত্ত্বা নারীদের সেবা নিশ্চিত করতে কিছু পরীক্ষা করানো জরুরি। কিন্তু অনেককেই সেটা বোঝানো যায় না। তিনি জানান, প্রজেক্টের তরফ থেকে এমআরের বিষয়ে কিছু বিধিনিষেধ আছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটি প্রজেক্টের নিজস্ব ভবনে চলে। কেন্দ্রে সবার জন্য আলাদা কক্ষ আছে। ব্রেস্ট ফিডিং এবং কিশোরীদের সঙ্গে পরামর্শ সভা করার জন্যও আলাদা কক্ষ আছে।
উত্তর মুগদাপাড়ার ঝিলপাড়ের এই কেন্দ্রটিতে রোববার বেলা আড়াইটা পর্যন্ত ৮৬ জন রোগী চিকিৎসা নেয়। এর মধ্যে পুরুষ ১২ জন, শিশু পাঁচজন। বাকিরা সবাই নারী। তবে শনি, সোম ও বুধবার রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০ টাকা ভিজিটে চিকিৎসা নেওয়া যায়। এ ছাড়া বাজারমূল্যের চেয়ে কমে ওষুধ কেনা এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। তবে চাকরিজীবী মূলত পোশাককর্মীদের কথা ভেবে সন্ধ্যাকালীন চিকিৎসাসেবার ব্যবস্থা আছে। যেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখেন প্যারামেডিক। তবে এ সময় চিকিৎসক থাকেন না।
রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা, পরিবার-পরিকল্পনা সেবা ও শিশুদের টিকা দেন প্যারামেডিক শিল্পী বড়াল। আর কাউন্সেলর রুমি বেগম ১০ বছর ধরে রোগীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন। তিনি বলেন, বিয়ের পরপরই নতুন দম্পতির পরিবার-পরিকল্পনার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু অনেকে গর্ভধারণের পরেই এ বিষয়ে জানতে আসেন। রুমি বেগম বলেন, সন্তান প্রসবের জন্য অন্তঃসত্ত্বা অনেক নারীকে হাসপাতালমুখী করানোই এখনো বড় চ্যালেঞ্জ। তাঁরা পুরো সময় ধরে প্রসবপূর্ব সেবা নিলেও প্রসব বাড়িতেই করাতে চান। আর এতে মা ও শিশুর ঝুঁকি অনেক বেড়ে যায়। অনেক দুর্ঘটনা ঘটে।
স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসা নেওয়া কয়েকজন রোগী বলেন, বিদ্যুৎবিভ্রাট হলে বেশ কষ্ট হয়।
সমস্যার বিষয়ে পার্টনারশিপ এলাকা-৪-এর প্রকল্প পরিচালক জাকিরা হান্নান রুবাইয়্যাৎ বলেন, ‘নানা সীমাবদ্ধতা আছে। এখানে যে জেনারেটর আছে, তা দিয়ে পুরো ভবনে সাপোর্ট দেওয়া সম্ভব নয়।’