নিয়মিত ক্লাস, পরীক্ষা, নানা ধরনের ব্যস্ততা—এসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটি ভিন্নরকম শব্দ ঈদ। আত্মীয়স্বজন আর পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এই ঈদে। রমজান আসার সঙ্গে সঙ্গেই তাই শুরু হয় ঈদের প্রস্তুতি। এরপর ক্যাম্পাস বন্ধের অপেক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের মিলনস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন চলছে ঈদুল ফিতরের ছুটি। নাড়ির টানে তাই বেশির ভাগই ফিরেছেন বাড়িতে। তবে কেউ কেউ ঈদ করবেন ক্যাম্পাসে।গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলই খালি হয়ে গেছে। ছুটিতে বাড়ি ফিরেছেন বেশির ভাগ শিক্ষার্থী। তবে ছাত্রজীবন থেকেই জীবনসংগ্রাম শুরু করা শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন হলে। সামনে পরীক্ষা থাকায় এখনো অনেকে হলে আছেন।হাজি মুহম্মদ মুহসীন হলের ৬৬৩ নম্বর কক্ষে থাকেন অর্থনীতি বিভাগের ছাত্র ইয়াসিন আলম। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয় তাঁকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাড়ি যেতে চাইলেই তো আর বাড়ি যাওয়া যায় না। টিউশনির টাকা পেলে তারপর ঈদের চিন্তা।’হলগুলোতে এমন শিক্ষার্থীদের সংখ্যা কম নয়। তাঁদের অনেকেই অনেক সময় শুধু বাসের ভাড়া না থাকায় যেতে পারেন না বাড়িতে। আবার কেউ কেউ পরীক্ষার কারণে বাড়ি যান না। তাই অনেকেই যখন আনন্দে ব্যস্ত, তখন এসব শিক্ষার্থী হলের কক্ষে উদ্যাপন করেন ঈদ। ছোটবেলার এই দিনটির স্মৃতি আর পরিবার থেকে দূরে থাকার বেদনা তাড়িয়ে বেড়ায় তাঁদের।তবে ঈদ যে কেবল বাড়িতেই করতে হবে এমনটি মানতে রাজি নন অনেকে। বিশ্ববিদ্যালয়জীবনের স্বাধীনতা কানায় কানায় উপভোগ করতে অনেকেই ঘাঁটি গাড়বেন ক্যাম্পাসে। বন্ধুবান্ধব নিয়ে তাঁরা ঈদ উদ্যাপন করবেন ঘুরে ঘুরে।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র রামিম হাসান তাঁদেরই একজন। পরিবার-পরিজনের গণ্ডির বাইরে ঈদের স্বাদ উপভোগ করতে বন্ধুবান্ধব নিয়ে তিনি এই সময়টা কাটাবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাড়িতে ঈদ করে অভ্যস্ত। এবার একটু ভিন্ন স্বাদ নিতে চাই। তাই মনস্থির করেছি বাড়ি যাব না।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, ১ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের ছুটি হয়েছে। তবে প্রশাসনিক কাজ চলেছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। ১৭ দিনের ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর থেকে আবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।