বেশির ভাগ সড়ক থেকে পশুর বর্জ্য অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। পুরান ঢাকার কিছু এলাকা ছাড়া রাজধানীর বেশির ভাগ সড়ক-মহল্লা পরিচ্ছন্ন করে ওই প্রতিশ্রুতি মোটামুটি পূরণ করেছে দুই সিটি করপোরেশন। পশু কোরবানি দেওয়া লোকজনও ছিলেন সচেতন। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানায়, গতকাল সোমবার বেলা দুইটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ১৭ টন এবং উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে ১২ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় এবার নিয়োজিত ছিলেন আট হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী। মাতুয়াইলের মৃধাবাড়ি এবং আমিনবাজারে আবর্জনা ফেলার স্থানে প্রায় ৬০০ ট্রাক বর্জ্য ফেলা হয়। নয়াবাজার, গোলাপবাগ, কমলাপুরসহ যেসব স্থানে পশুর হাট বসেছিল সেসব স্থান পরিষ্কার করতে বিলম্ব হয়। ঈদের দিন এসব এলাকার রাস্তায় বর্জ্যের স্তূপ ছিল দেড়-দুই ফুট উঁচু। এগুলো দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। গোপীবাগ, ওয়ারী, মানিকনগর, মাদারটেক, সিপাইবাগ, খিলগাঁও, রামপুরা, মোহাম্মদপুরের কাঁটাসুর, হাতিরপুল, মগবাজার, রাজাবাজার, শেওড়াপাড়া, কাজিপাড়া প্রভৃতি এলাকার ছোট রাস্তাঘাটও পরিচ্ছন্ন দেখা গেছে।তবে লালবাগ, পোস্তগোলাসহ কিছু এলাকা ছিল এর বিপরীত। রাস্তাঘাট থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের অগ্রগতি দেখতে গতকাল দুপুরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ফুলবাড়িয়া, শায়েস্তা খাঁ রোড, লালবাগ, বাবুবাজারে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকা, সদরঘাট ও পোস্তগোলায় যান। তিনি শায়েস্তা খাঁ রোডে স্তূপ করে রাখা পশুর বর্জ্য এবং পোস্তগোলায় যত্রযত্র পশুর শিং পড়ে থাকতে দেখেন। মন্ত্রী সন্ধ্যার মধ্যে এসব বর্জ্য সরিয়ে ফেলতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন।