বেসমেন্টে দোকান সড়কে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় বিভিন্ন বিপণিবিতানের গাড়ি রাখার জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান। জায়গা না পেয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে​ বিপণিবিতানের বাইরে রাস্তার ওপর। গতকাল ছবি দুটি তুলেছেন সাজিদ হোসেন
রাজধানীর উত্তরায় বিভিন্ন বিপণিবিতানের গাড়ি রাখার জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান। জায়গা না পেয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে​ বিপণিবিতানের বাইরে রাস্তার ওপর। গতকাল ছবি দুটি তুলেছেন সাজিদ হোসেন

উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে আছে বেশ কয়েকটি বিপণিবিতান। এসব বিপণিবিতানের কোনোটির বেসমেন্ট বা ভূগর্ভস্থ তলায় গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, গাড়ি রাখার জায়গায় গড়ে উঠেছে দোকানপাট। ফলে ভবনে আসা গাড়িগুলো রাখা হচ্ছে সড়কের ওপর। এতে করে সার্বক্ষণিক যানজট লেগে থাকছে।
রাজউকের ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুযায়ী, ছয়তলার ওপরে নির্মিত সব ভবনে নকশা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কিন্তু উত্তরার অনেক ভবনে নির্মাণবিধি অমান্য করে বহুতল ভবনের পার্কিংয়ের জায়গায় দোকানপাট বানানো হয়েছে। সুউচ্চ ভবনের ভূতলে গাড়ি পার্কিংয়ের জন্য কিছুটা জায়গা রেখে বেশির ভাগ জায়গা দোকান হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, তিন নম্বর সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশেই অবস্থিত লতিফ এম্পোরিয়ামের ভূতলে খাজানা রেস্তোরাঁ ও কাবাব ঘর এবং থান কাপড়ের দোকানপাট আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা যায়, এই রেস্তোরাঁ ও দোকান পার্কিংয়ের জায়গায় তোলা হলেও উচ্ছেদের বিষয়ে আদালতের স্থগিতাদেশ আছে। তাই রাজউক এই দোকানগুলো আপাতত উচ্ছেদ করছে না।
সাত নম্বর সেক্টরে ৯ তলা রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সটি অবস্থিত। দেখা যায়, কমপ্লেক্সের বেসমেন্টের চারপাশে দোকান। বেসমেন্টের দোকানে প্রবেশের জন্য তিনটি সিঁড়ি আছে। বেসমেন্টের মাঝখানে গাড়ি রাখার জন্য একটু ফাঁকা জায়গা। সেখানে তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল রাখা। গাড়ি প্রবেশের জন্য একটা ঢালু পথ আছে। তবে কমপ্লেক্সে আসা গাড়িগুলো ভবনের সামনের রাস্তায় রাখা।
প্রায় একই চিত্র দেখা যায় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স, লন্ডন প্লাজা, আমির কমপ্লেক্স, মাসকাট প্লাজার সামনেও। ক্রেতারা এসব বিপণিবিতানের সামনের সড়কে ইচ্ছেমতো গাড়ি রেখে ঘণ্টার পর ঘণ্টা ভেতরে অবস্থান করেন। আবার অনেক জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও কেউ কেউ ইচ্ছে করে রাস্তায় গাড়ি পার্কিং করছেন। ফলে বিপণিবিতানের সামনে যানজট লেগে থাকছে।
তবে কয়েকটি ভবনের ক্ষেত্রে রাজউকের অনুমোদিত নকশাতেই পার্কিংয়ের জায়গা রাখা হয়নি। মূলত ২০০০ সালের আগে অনুমোদিত নকশার ক্ষেত্রে এ সমস্যাটি বেশি দেখা যায়। সে সময় যানজটের তীব্রতা না থাকায় ভবনের সামনের সার্ভিস সড়কগুলোকে ভবনের পার্কিং দেখিয়ে নকশা অনুমোদন নেওয়া হয়েছিল।
রাজউকের অঞ্চল-২-এর অথরাইজড কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক ভবনের ক্ষেত্রে নকশাতেই পার্কিং নেই, সেসব ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। পুরোনো ভবনে সার্ভিস রোডকেই পার্কিংয়ের জায়গা দেখিয়ে নকশা অনুমোদন নেওয়া। কিছু ভবনে সামনের দিকে পার্কিংয়ে প্রবেশের সুযোগ রাখা হয়নি, প্রবেশপথ পেছন দিকে। তাই ভবনে আসা লোকজন সামনের সড়কে পার্কিং করেন।
বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গত ১৮ জানুয়ারি থেকে ১৫ দিনের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। বিশেষ অভিযানের সময় উত্তরা এলাকায় অর্ধশতাধিক নকশাবহির্ভূত স্থাপনায় উচ্ছেদ চালানো হয়। এ সময় তিন নম্বর সেক্টরের কুশল সেন্টারের পার্কিংয়ে স্থাপিত ১৭০টি দোকান উচ্ছেদ করা হয়।
গতকাল দেখা যায়, কুশল সেন্টারের সামনের সড়কে ইট-বালু স্তূপ করে রাখা। নির্মাণশ্রমিকেরা ইট-বালু নিয়ে কুশল সেন্টারের ভূতলে প্রবেশ করছেন। ভূতলে গিয়ে দেখা যায়, ভেঙে দেওয়া দোকানের নির্মাণকাজ চলছে। প্লাস্টিক সামগ্রী, মাছ-মুরগি বিক্রির কয়েকটি দোকান খোলা হয়েছে।
নির্মাণকাজ তদারক করছিলেন কুশল সেন্টারের দোকান মালিক সমিতির সভাপতি এবাদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ভবনের নকশা অনুযায়ী পার্কিংয়ের জায়গা না রাখায় রাজউক সব দোকান ভেঙে দিয়েছিল। এবার পার্কিংয়ের জন্য জায়গা রেখে নকশা অনুযায়ী দোকান তোলা হচ্ছে।
যেসব ভবনের নকশায় পার্কিংয়ের জায়গা রাখা হয়নি বা প্রয়োজনের তুলনায় পার্কিংয়ের জায়গা কম সে বিষয়ে কী করা যায় তা নিয়ে আলোচনা চলছে বলে জানান অঞ্চল-২-এর অথরাইজড কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ভবনগুলো না ভেঙে কীভাবে পার্কিং সমস্যা সমাধান করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে। যানজট কমাতে হলে ভবনের পার্কিং সমস্যার সমাধান করতে হবে।