বেসরকারি খাতের চিকিৎসায় সরকারের তদারকি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের মধ্যে ৭০ ভাগ বেসরকারি স্বাস্থ্য খাত থেকে সেবা নিলেও সরকারি তদারকির বাইরে থেকে যাচ্ছে বেসরকারি খাতের চিকিৎসাব্যবস্থা। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা ওই মন্তব্য করেছেন। স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির মতবিনিময় সভায় গতকাল সোমবার আলাচকেরা এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে ‘বেসরকারি খাতের চিকিৎসাসেবা’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি। সংগঠনের সভাপতি রশিদ-ই-মাহবুব বলেন, ‘আমরা ধরে নিই চিকিৎসকেরা সব সময় নৈতিকতার আলোকে কাজ করবেন। কিন্তু প্রায়শ এর ব্যত্যয় ঘটে। তাই চিকিৎসাসেবাকে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা জরুরি।’বেসরকারি খাতের অব্যবস্থাপনা দূর করতে তিনি চিকিৎসকদের ফি নির্ধারণ, প্রত্যেকটি মৃত্যুর জন্য মেডিকেল অডিট ব্যবস্থা চালু ও মানসম্পন্ন চিকিৎসাসেবার নিশ্চয়তা দিতে কিছু নিয়মাবলি বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেন। কমিটির নেতা লেনিন চৌধুরী বেসরকারি খাতের চিকিৎসাব্যবস্থার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বেসরকারি স্বাস্থ্য খাতের বিকাশ শুরু হলেও তখন এ সংক্রান্ত কোনো বিধিবিধান তৈরি হয়নি। রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সময় ১৯৮২ সালে বেসরকারি স্বাস্থ্য খাত আইনি বৈধতা পায়। পরবর্তী সময়ে একাধিকবার খাতটিকে সংগঠিত করার চেষ্টা করা হয়েছে। সব শেষে বর্তমান সরকার বেসরকারি খাতের বিকাশ ও নিয়ন্ত্রণে বেসরকারি স্বাস্থ্যসেবা আইন-২০১০ (খসড়া) প্রণয়ন করেছে। কিন্তু খসড়ায় জনস্বাস্থ্য রক্ষা ও অপচিকিৎসা রোধের বিভিন্ন বিষয় পাশ কাটিয়ে গেছে সরকার। কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও শল্যচিকিৎসক দুলাল চন্দ্র পোদ্দার চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান এবং বেসরকারি হাসপাতালে সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাজ করার সুযোগ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সরকারের কাছে। বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি খোদাদাদ আহমেদ বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসার স্বীকৃতি রয়েছে। কিন্তু বিধিবহির্ভূতভাবে হারবাল চিকিৎসা চলছে, এমনকি জেলা পর্যায়ের হাসপাতালে একজন করে হার্বাল চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে জনগণ কতটা স্বাস্থ্যসেবা পাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে না। মতবিনিময় সভায় গতকাল আলোচকেরা সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানো ও রোগীকে যেন অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হয়রানি করা না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়।