বেসরকারি টেলিভিশনগুলোর জন্য সম্প্রচারসংক্রান্ত নীতিমালা করার দাবি জানিয়েছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া ওয়াচ আয়োজিত ‘বেসরকারি টেলিভিশন কোন পথে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।তাঁরা বলেন, দেশে বেসরকারি টেলিভিশনগুলোর সম্প্রচারসংক্রান্ত নীতিমালা না থাকায় কথায় কথায় চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। এ সংকট নিরসনে তাঁরা নীতিমালা প্রণয়নের পাশাপাশি সাংবাদিকসমাজের ঐক্যের ওপরও জোর দেন।বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার টিভি চ্যানেল বন্ধের যে প্রক্রিয়া শুরু করেছে, বিএনপি ক্ষমতায় এসে এ নীতিকে আরও কঠোরভাবে অনুসরণ করবে। গোলটেবিলে সময়োপযোগী নীতিমালা চালু ও শুধু রাজনৈতিক কারণে টেলিভিশন বন্ধ না করাসহ বেশকিছু সুপারিশ করা হয়।ইলেকট্রনিক মিডিয়া ওয়াচের সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যমুনা টেলিভিশনের বার্তা প্রধান নাজমুল আশরাফ। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বাংলাদেশ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুদ্দীন হায়দার, গণমাধ্যমব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরী, যমুনা টেলিভিশনের পরিচালক শাহ আলমগীর, অনুষ্ঠান প্রধান সুপন রায় প্রমুখ।