বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বাজেটে শিক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্যোগে প্রস্তাবিত বাজেট নিয়ে এক গোলটেবিল আলোচনায় সমিতির নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসব কথা বলেন।আলোচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি এবং বাড়িভাড়ার ওপর আরোপিত কর মওকুফের দাবি জানানো হয়। তবে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর মওকুফের দাবির সমালোচনাও করেন।সভাপতির বক্তৃতায় সমিতির সভাপতি সি এস শফি সামি বলেন, জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত।২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১১ দশমিক ৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।শফি সামি বলেন, শুধু সরকার, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুশাসন নিশ্চিত করবে, তা ভাবা ঠিক নয়। নিজেদের স্বার্থেই বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন নিশ্চিত করা উচিত। বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।সমিতির সহসভাপতি আবুল কাশেম হায়দার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাড়িভাড়ার ওপর থেকে ৯ শতাংশ কর এবং টিউশন ফির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। এ সময় তিনি দুর্নীতি রোধের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দুর্নীতি দমন কমিশন দন্তহীন বাঘে পরিণত হয়েছে।মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক এ কে এম সাইফুল মজিদ বলেন, শিক্ষায়, বিশেষ করে উচ্চশিক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারি বাড়ানো দরকার। উচ্চশিক্ষার মান বাড়াতে হলে বাজেটে বরাদ্দও বাড়াতে হবে।ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সামাদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্যাক্স কমানো হলে দেশের লক্ষ-কোটি গরিব মানুষ চলবে কী করে!আলোচনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম প্রমুখ।