বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি খসড়া আইনের বিরোধিতা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটি আইনে পরিণত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতির নেতাদের অভিযোগ, প্রস্তাবিত বিলে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক কাঠামো বদলে দেবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় সমিতির নেতারা খসড়া আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরে আইনটি নতুনভাবে প্রণয়ন না করে সংশোধনের দাবি জানান। উল্লেখ্য, প্রায় অর্ধ যুগ ধরে সরকার বিদ্যমান আইনটি পরিবর্তন করতে চাইলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের চাপ ও আপত্তির মুখে তা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, উচ্চশিক্ষার বিকাশে এবং এর গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেসরকারি উদ্যোগকে উত্সাহ দেওয়া প্রয়োজন। কিন্তু প্রস্তাবিত আইন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ ব্যাহত করবে।বক্তারা বলেন, দূরশিক্ষণ, শাখা ক্যাম্পাস এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খুলে উচ্চশিক্ষা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা হলেও এসব বিষয় আইনে থাকছে। এমনকি সমিতি দাবি না করলেও রহস্যজনকভাবে এসব বিষয় বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ছাড়া প্রস্তাবিত আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আমলাতন্ত্রের খবরদারি প্রতিষ্ঠা হবে বলেও উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিউশন ফি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদন নেওয়ার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, টিউশন ফি নেওয়ার বিষয়টি হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির চেয়ারম্যান ও সাবেক সচিব সি এম শফি সামি। উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, সমিতির মহাসচিব এম আলিমউল্যা মিয়ান, উত্তরা ইউনিভার্সিটির ডিন ইয়াসমীন আরা প্রমুখ।