রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সাধারণ মানুষের দোরগোড়ায় উচ্চশিক্ষা পৌঁছে দিতে ঢাকা মহানগরের বাইরে জেলা শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দেশের প্রায় সব কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানীকেন্দ্রিক হওয়ায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সন্তানেরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।রাষ্ট্রপতির সঙ্গে গতকাল বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ১১ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, রাজধানী শহরে স্থাপিত অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভাড়াবাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অধিকাংশ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অনুপস্থিত। তিনি শিক্ষার্থীদের মানসম্মত ও গুণগত শিক্ষা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী অবকাঠামো এবং শিক্ষা ও গবেষণার আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।রাষ্ট্রপতি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রাজধানীভিত্তিক হওয়ায় ঢাকা শহরের ওপর ক্রমাগত চাপ বৃদ্ধি পাচ্ছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সেবার মনোভাব নিয়ে কম খরচে মানসম্মত শিক্ষা দেওয়ার আহ্বান জানান।প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করে, বিইউবিটিতে সাতটি অনুষদের ১১টি বিভাগে চার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে ১৬ শতাংশ গরিব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। তাঁরা জানান, মিরপুরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাস অচিরেই উদ্বোধন করা হবে।প্রতিনিধিদল ২০১১ সালের মার্চে অনুষ্ঠেয় বিইউবিটির প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতিকে সভাপতিত্ব করার অনুরোধ জানালে রাষ্ট্রপতি তাতে সম্মতি জানান। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু সালেহ প্রমুখ।সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।