বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম তদারকি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম ধারাবাহিকভাবে তদারকি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ চৌধুরী এ কথা বলেন। ইউজিসির উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়ে ওই সম্মেলনের আয়োজন করা হয়।আজাদ চৌধুরী বলেন, ইউজিসির পূর্ণ কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলো ধারাবাহিকভাবে তদারকি করা হবে।পরিদর্শনের তথ্য প্রকাশ করা হবে কি না, জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘অবশ্যই। শিক্ষার গুণগত মানের ব্যাপারে কোনো আপস করা হবে না।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফি অনেক বেশি উল্লেখ করে আজাদ চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফি মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তকেও গলদঘর্ম করছে। তাই বেতন কাঠামো এমন পর্যায়ে নিয়ে আসতে হবে, যা শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, সমাজকল্যাণও হয়। সংবাদ সম্মেলনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের শিক্ষাসংক্রান্ত উদ্ভাবনী তহবিলের (এআইএফ) বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে জানানো হয়, এই তহবিলের দ্বিতীয় পর্বে অর্থ বরাদ্দের জন্য গতকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে উপপ্রকল্প (গবেষণা প্রস্তাব) আহ্বান করা হয়েছে। এ খাতে মোট ৩২৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রথম পর্বে ২৫টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯১টি উপপ্রকল্পে মোট ১৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের মানদণ্ড হচ্ছে সমতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা।