বেসরকারি রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুমোদনের দাবি
জলাশয় দখল রোধ ও ক্রেতা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদে ‘বেসরকারি রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০০৯’ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে দেশের চারটি পরিবেশবাদী সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দেওয়া স্মারকলিপিতে ওই দাবি জানানো হয়েছে। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, ২৭ মার্চ বেসরকারি রিয়েল এস্টেট মালিকদের সংগঠন রিহ্যাবের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সংসদীয় কমিটির এক সদস্যের নেতৃত্বাধীন একটি প্যানেল। তারা ওই আইনটি সংসদে পাস না করার প্রতিশ্রুতি দিচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) সভাপতি মোবাশ্বের হোসেন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি সারোয়ার জাহান। স্মারকলিপিতে বলা হয়, আবাসন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রকল্পের বিজ্ঞাপন শাস্তিযোগ্য করে ও প্রতারণার বিরুদ্ধে ক্রেতা স্বার্থ সংরক্ষণের বিধান রেখে গত বছর ‘বেসরকারি রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০০৯’ মন্ত্রিসভা অনুমোদন করে। এরপর ওই বছর ৭ সেপ্টেম্বর তা বিল আকারে সংসদে পেশ করা হয়। পরে বিধি অনুযায়ী সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে। এরপর প্রায় ছয় মাস পার হয়ে গেলেও জনস্বার্থমূলক এ আইনটি সংসদে অনুমোদিত হয়নি। জনকল্যাণকর এ আইন অনুমোদনে দীর্ঘসূত্রতা আবাসন প্রতিষ্ঠানের অসাধু কর্মকাণ্ড অব্যাহত রাখার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করার সময় রিহ্যাবসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়, যেখানে সংগঠনটির দাবি ছিল আইনে শাস্তির বিধান রহিত করা। আইনের উদ্দেশ্যকে সমুন্নত রাখতে সে দাবি পুরোপুরি গ্রহণ করা সম্ভব ছিল না। এরপরও রিহ্যাবের দাবি বিবেচনা করে জনসমক্ষে প্রকাশিত আইনের খসড়ায় পরিবর্তন এনে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রথমে আপস ও সালিস নিষ্পত্তি এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে মামলা দায়েরের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ক্রেতা স্বার্থ সংরক্ষণে শুধু সর্বশেষ ধাপ হিসেবে ফৌজদারি শাস্তির বিধানের প্রস্তাব করা হয়। এ পরিস্থিতিতে পরিবেশবাদী সংগঠনগুলো আইনটির সুফল ক্রেতার কাছে পৌঁছে দিতে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আরও কার্যকর বিধান প্রণয়নের এবং রিহ্যাবের দাবির পরিপ্রেক্ষিতে ক্রেতা কর্তৃক সরাসরি মামলার বিষয়টিকে পাশ কাটিয়ে সালিস নিষ্পত্তির যে বিধান রাখা হয়েছে তা পুনর্বিবেচনা ও ভূমিদস্যুতা রোধ বিষয়ে বিধান সংযোজন করার প্রস্তাব দিয়েছে।স্মারকলিপি দেওয়ার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিষয়টি নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্মারকলিপিটি পাঠ করেন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। বক্তব্য দেন স্থপতি মোবাশ্বের হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যাপক সারোয়ার জাহান ও বেলার তাসলিমা ইসলাম।