বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত কর বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। পাশাপাশি আরও পাঁচটি দাবি জানিয়ে এসব শিক্ষার্থী ১০ জুনের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘোষণা দেন৷ ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাজধানী ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অন্য পাঁচটি দাবি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) খতিয়ে দেখতে হবে, দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো এবং করোনাকালে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিতে প্রণোদনা দিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র মুক্ত রেজোয়ান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিগত ২০১০ ও ২০১৫ সালে বেসরকারি শিক্ষাব্যবস্থার ওপর সরকারের যে অযৌক্তিক ভ্যাট চাপানোর চেষ্টা, তার বিরুদ্ধে “নো ভ্যাট অন এডুকেশন” সরব ছিল এবং বেসরকারি শিক্ষাব্যবস্থাকে পণ্যে রূপান্তরের যে অপচেষ্টা, তা রুখে দিয়ে ২০১৫ সালে সরকারকে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য করেছিলাম। এবারও আগের মতোই আমরা বলতে চাই, শুধু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, যেখানেই শিক্ষাকে পণ্যে রূপান্তরের ন্যূনতম চেষ্টা চলবে, সেখানেই “নো ভ্যাট অন এডুকেশন” প্রতিরোধ গড়ে তুলবে।’

এতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যদি তা–ই হয়, তবে কী করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকপক্ষ মুনাফা অর্জন করে? ২০১০ সালের আইন অনুযায়ী বলা চলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকপক্ষ যে মুনাফা অর্জন করছে, তা সম্পূর্ণ রূপে অবৈধ। প্রস্তাবিত ১৫ শতাংশ করের মাধ্যমে সরকার ওই অবৈধ মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে এবং অবৈধ মুনাফাকে বৈধ করার চেষ্টা করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর যে কর আরোপের প্রস্তাব হয়েছে, তা শিক্ষার্থীদের ওপর বর্তালে ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মুক্ত রেজোয়ান বলেন, ১০ জুনের মধ্যে তাঁদের ৬ দফা দাবি বাস্তবায়ন করা না হলে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র শাওন বিশ্বাস, ইস্টার্ন ইউনিভার্সিটির শাহরিয়ার অপূর্ব, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শাজাহান শান্ত, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রাকিবুল হাসান, আশা ইউনিভার্সিটির বাংলাদেশের মো. আমান ও গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র প্রিতম ফকির উপস্থিত ছিলেন।